রেকর্ড সর্বোচ্চে বৈশ্বিক শেয়ারবাজার




এশিয়ান ইকুইটি বাড়তে থাকার সুবাদে টানা পাঁচ কার্যদিবসে রেকর্ড সর্বোচ্চে পৌঁছে গেছে বৈশ্বিক শেয়ারবাজার। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর কথা ভাবছে এবং ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে আয় বাড়ার প্রত্যাশায় রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে বৈশ্বিক শেয়ারবাজার।
শুক্রবার দেখা যায়, এমএসসিআই ওয়ার্ল্ড ইনডেক্স প্রায় শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। এছাড়া জাপানের বাইরে এমএসসিআইর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত সূচক বেড়েছে দশমিক ২৫ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। জাপানের নিক্কেই এন২২৫এ যোগ হয়েছে দশমিক ২ শতাংশ। ফলে সাপ্তাহিক ভিত্তিতে এ সূচক বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
তবে ইতিবাচক ধারা থেকে কিছুটা সরে এসেছে চীনের শেয়ারবাজার। সিএসই ৩০০ সূচকের পতন হয়েছে দশমিক ১ শতাংশ এবং সাংহাই কম্পোজিট ইনডেক্স সংকুচিত হয়েছে দশমিক ২ শতাংশ। তবে অপরিবর্তিত ছিল হংকংয়ের হ্যাং স্যাং সূচক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও অন্যান্য দেশ থেকে ইস্পাত আমদানির ওপর কোটা ও ট্যারিফ বিবেচনা করছেন বলে ঘোষণা দেয়ার পর চীনা ইস্পাত নির্মাণকারী প্রতিষ্ঠান বাওটু স্টিল এবং বাওশান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির শেয়ারের দাম কমেছে ১ শতাংশেরও বেশি।
এদিকে গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের অবস্থাও ছিল বেশ ভালো। প্রধান সূচকগুলোর ডিজিআই, এসপিএক্স, আইএক্সআইসি বেড়েছে দশমিক ১ শতাংশ থেকে দশমিক ২ শতাংশের মধ্যে। মূলত ফেডারেল রিজার্ভপ্রধান জেনেট ইয়েলেন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার ধারাবাহিকভাবে বাড়ানো হবে— এমন আভাস দেয়ার পর শেয়ারবাজার চাঙা হতে দেখা যায়।
এছাড়া এসঅ্যান্ডপি ৫০০তে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আয় প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হওয়ার প্রভাবও শেয়ারবাজারে থাকবে বলে আশা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেপি মরগান চেজ (জেপিএম.এন), সিটিগ্রুপ (সিএন) এবং ওয়েলস ফার্গো (ডব্লিউএফসি.এন)-এর মতো গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর ফলাফল শুক্রবার প্রকাশ করার কথা।
এক বিবৃতিতে সিডনির সিএমসি মার্কেটের প্রধান বাজার বিশ্লেষক রিক স্পুনার লিখেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মুনাফা প্রতিবেদনের প্রভাবে আগামী কয়েক সপ্তাহ শেয়ারবাজারে চাঙ্গাভাব অব্যাহত থাকবে।