রোহিঙ্গা শরণার্থী শিবিরে যৌনব্যবসা: রয়টার্স




খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন মৌলিক চাহিদার তাড়নায় যৌনব্যবসায় লিপ্ত হচ্ছেন রোহিঙ্গা নারীরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে ২৬ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী  রমিদার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রথমে এ বিষয়ে  কিছু না বললেও, (গোপনীয়তায় আশ্বস্ত করলে) পরবর্তীতে জানান, ‘কেউ যদি এইসব কথা জানে তাহলে আমাদের মেরে ফেলবে।’
জানা গেছে, যৌনব্যবসায় জড়িত হয়ে পড়া বেশিরভাগ রোহিঙ্গা নারী শরণার্থী শিবিরের বাসিন্দা। নূর নামের আরেকজন নারী বলেন, কুতুপালংয়ে প্রায় ৫০০ যৌনকর্মী আছে যারা আগে থেকেই এখানে থাকে এবং দালাল হিসাবেও কাজ করে।
যদিও জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে নির্দিষ্ট করে বলার মত কোন তথ্য উপাত্ত নেই। তবে, অন্তত ১০ হাজার কিশোরী ও নারী এই পেশায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে, অন্য রোহিঙ্গাদের সাথে তারা দেখা করে না, শুধু বাংলাদেশীদের সাথে দেখা করে এবং মিলিত হয়। প্রত্যেক রোহিঙ্গা নারীর মনেই তাদেরকে নিয়ে কথা ছড়ানোর ভয় কাজ করে।
রিনা নামের আরেকজন নারী বলেন, আমার ১৮ বছর বয়সে বিয়ে হয়। আমার স্বামী মাতাল ছিল, সে আমাকে নির্যাতন করত। জীবন-জীবিকার তাগিদে আমি এই ব্যবসায় নামি।
শুধু তাই নয় মানবেতর জীবন ও মৌলিক চাহিদার অভাব এ পথে টেনে এনেছে ১৪ বছর বয়সী কামরুকেও। এই কিশোরী জানায়, আমি এই শরণার্থী শিবিরেই বড় হয়েছি। এমন দিন আমি কাটাইনি যেদিন আমি ক্ষুধার্ত ছিলাম না।