আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। মূলত এশিয়ার দেশগুলোয় বাড়তি চাহিদার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে পণ্যটির উত্পাদন ও দেশটি থেকে সরবরাহ কমার খবরে এদিন অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
এদিন যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৬ সেন্ট বেড়েছে। দিনশেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫১ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১২ শতাংশ বেশি। দিনের শুরুতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ৫২ ডলার শূন্য ৪ সেন্টে উঠেছিল, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৯ শতাংশ বেশি।
অন্যদিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১২ সেন্ট বেড়েছে। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৭ ডলার ৮৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২১ শতাংশ বেশি। তবে দুবাইয়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ সেন্ট কমেছে। দিনশেষে দুবাইয়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৫ ডলার ৬৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩২ শতাংশ কম।
রিভকিন সিকিউরিটিজের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক উইলিয়াম লাওলিন বলেন, যথাক্রমে বিশ্বের প্রথম ও তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন ও ভারত। চলতি মাসে দেশ দুটিতে পণ্যটির চাহিদা বেড়েছে। অন্যদিকে চলতি মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে পণ্যটির উত্তোলন কমার খবর মিলেছে। একই সঙ্গে সেপ্টেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তির ৮৬ শতাংশ বাস্তবায়নের তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)
