আজ বুধবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। তবে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সকাল ৯টা ৩৩ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ার পর সেখানকার কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, বিমানের একটি চাকা খুলে পড়ে গেছে। এ সংবাদ পেয়ে ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন আতিক ও ফাস্ট অফিসার ইয়ামিন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক ঢাকায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ক্যাপ্টেন আতিক দক্ষতার সঙ্গে নিরাপদে বিমানটি অবতরণ করান।
চাকা খুলে পড়ার কারণ খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ তাদের ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন
