২০২০ সাল নাগাদ ফাইভজি বিস্তৃতিতে নেতৃত্ব দেবে এশিয়া ও যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানিগুলো। অঞ্চল হিসেবে ইউরোপ এক্ষেত্রে পিছিয়ে থাকবে।
বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবালডাটার পক্ষ থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
বৈশ্বিকভাবে টুজি, থ্রিজি ও ফোরজির পর এখন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফাইভজি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। তিন বছরের মধ্যে দ্রুতগতির এ নেটওয়ার্ক সেবার বাণিজ্যিক ব্যবহার শুরু হবে বলে মনে করা হচ্ছে। বেশকিছু টেলিকম কোম্পানি প্রি-স্ট্যান্ডার্ড ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। ২০১৮ সালের মধ্যেই এসব প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ফাইভজি নয়, এমন নেটওয়ার্ক সেবার বাণিজ্যিক ব্যবহার শুরু করতে চায়। এছাড়া বিশ্বের অসংখ্য টেলিকম কোম্পানি তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু করবে।
গ্লোবালডাটার তথ্যমতে, বিশ্বব্যাপী অনেক টেলিকম কোম্পানি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক সেবা টুজি ও থ্রিজিকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে রয়েছে। কয়েকটি কোম্পানি এরই মধ্যে টুজি ও থ্রিজি সেবা সরবরাহ আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। বেশির ভাগ টেলিকম কোম্পানি এখন চতুর্থ প্রজন্মের দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবস্থা ফোরজি সম্প্রসারণে জোর দিচ্ছে।
ভারত টেলিযোগাযোগ খাতের অন্যতম বাজার। দেশটির টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল ও বিএসএনএল এরই মধ্যে ফাইভজি নেটওয়ার্ক স্থাপনে ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়া টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এরিকসন ফাইভ নেটওয়ার্ক বিস্তৃতির জন্য দেশটির টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকেই ভারতের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো ফাইভজি নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত রিলায়েন্স জিও এরই মধ্যে জানিয়েছে, তাদের সব আইপি নেটওয়ার্ক ফাইভজি সমর্থনযোগ্য করে স্থাপন করা হয়েছে। জিও ভারতের টেলিযোগাযোগ খাতে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করেছে। বর্তমানে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে স্যামসাংয়ের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গ্লোবালডাটার পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে মধ্যে দক্ষিণ কোরিয়ার অর্ধেকের বেশি মোবাইল সংযোগ ফাইভজির আওতায় আসবে। ইউরোপে এ সময়ের মধ্যে মাত্র ৭ শতাংশ মোবাইল সংযোগ পঞ্চম প্রজন্মের দ্রুতগতির নেটওয়ার্ক সেবার আওতায় আসবে।
গ্লোবালডাটার ইউরোপ অঞ্চলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক উপিন দাত্তানি বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো কয়েকটি টেলিযোগাযোগ বাজার ফাইভজির জন্য বিশেষভাবে উপযোগী। কারণ এসব বাজার ফাইবার নেটওয়ার্ক সেবা ও ফোরজি বিস্তৃতিতে এগিয়ে রয়েছে। এছাড়া সহায়ক নিয়ন্ত্রক সংস্থার কারণে টেলিকম অপারেটরগুলোর জন্য ফাইভজি সম্প্রসারণ সহজ হবে।’
তিনি আরো বলেন, ‘ইউরোপের অপারেটরগুলো থ্রিজি ও ফোরজি সম্প্রসারণে যে মূলধন ব্যয় করেছে, তার বিপরীতে ভালো রিটার্ন পাওয়ার চেষ্টা করছে। তবে ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এ অপারেটরগুলোর বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতি প্রয়োজন।’
গ্লোবালডাটার প্রতিবেদনের তথ্যমতে, আগের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবস্থার তুলনায় টেলিকম অপারেটরগুলোর ব্যান্ডউইডথ ও সক্ষমতা দুটোই বৃদ্ধি করবে ফাইভজি নেটওয়ার্ক। এতে উন্নত সেবাদান সম্ভব হবে। উন্মুক্ত হবে নতুন সেবা ও ব্যবসার দ্বার। বিশেষ করে, দ্রুতগতির নেটওয়ার্ক সেবার কারণে স্বচালিত গাড়ি ও স্মার্ট সিটি খাতে ব্যবসা জোরদারের পথ প্রসারিত হবে। ফাইভজির কল্যাণে ফিক্সড মোবাইল ইন্টিগ্রেশন, ডিজিটাল কনটেন্ট এবং ইন্টারনেট অব থিংস বা আইওটি পণ্য থেকে টেলিকম অপারেটরগুলোর রাজস্ব প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।
গ্লোবালডাটার প্রধান বিশ্লেষক পিটার জ্যারিচ বলেন, ‘ফাইভজি নিয়ে প্রত্যাশা অনেক। এই নেটওয়ার্ক ব্যবস্থা মোবাইল ডিভাইসভিত্তিক ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। বৈচিত্র্যময় ডিজিটাল খাত থেকে টেলিকম কোম্পানিগুলোর রাজস্ব বাড়বে। কিন্তু ফাইভজির পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যবহার এখনো সময় সাপেক্ষ।’
