লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে




উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ৬ হাজার ১৮ দশমিক ২৬ পয়েন্টে উন্নীত হয়। তবে ৭ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ২ হাজার ১৭৩ দশমিক ৮৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে ১ হাজার ৩১৬ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৮২ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত ছিল ৪১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৮ দশমিক ৮৫ পয়েন্টে উন্নীত হয়। তবে ২৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৭৯ দশমিক শূন্য ৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২৪৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৮৮৩ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।