৩০ কেজির লেহেঙ্গা পরে এক গানে ৬৬ বার নেচেছেন দীপিকা




ট্রেলার মুক্তির দুই সপ্তাহ পর মুক্তি পেয়েছে ‘পদ্মাবতী’র প্রথম গান ‘ঘুমার’। মুক্তির পর পরই গানটি ভাইরাল হয়ে গেছে। সব জায়গায় হচ্ছে এই গানটির চর্চা। ইউটিউবে প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ভিউ হয়েছে ৮৫ লাখ!
অবশ্য গানটির জন্য কম কষ্ট করেননি দীপিকা। জানা গেছে, গানটির জন্য ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পড়ে নাচতে হয়েছে দীপিকাকে!
গানটিতে দীপিকাকে ঐতিহ্যবাহী রাজপুত নৃত্য ঘুমার পরিবেশন করতে হয়েছে। রাজপুত রানী ও রাজকন্যাদের এই নাচের মূল বৈশিষ্ট্য নৃত্যরতা নারীর ভারী অলঙ্কার ও পোশাক পড়ে চর্কির মতো ঘুরতে থাকা। এতে করে চওড়া লেহেঙ্গায় যে ঢেউয়ের সৃষ্টি হয়- সেটাই এই নাচের নান্দনিক দিক বলে মনে করেন অনেকেই। এই গানের শুটিং করতে যেয়ে এভাবে ঘুরতে হয়েছে দীপিকাকে ৬৬ বার।
অবশ্য বানশালীর সিনেমায় নায়িকারা ভারী ওজনের পোশাক পড়েন- এটা নতুন কিছু নয়। কিন্তু দীপিকার এই লেহেঙ্গার রহস্য অন্যখানে। ভারী হাতের কাজ আর জমকালো নকশার এই লেহেঙ্গার দামই যে ৩০ লাখ রুপি!
‘পদ্মাবতী’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে ভারী ভারী সব গয়নাতেও। অলঙ্কার নির্মাতা তানিষ্ক ছিলো এই গয়নার তত্ত্বাবধানে। তাদের দাবি ২০০ স্বর্ণকার দীপকার এই গয়না তৈরিতে খেটেছেন দুই বছর ধরে! সিনেমাটির জন্য ৪০০ ভরির সোনার গয়না পড়তে দেখা যাবে দীপিকাকে।