সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে, সংসদ থাকবে কি থাকবে না- সেসব বিষয় এখতিয়ারের বাইরে। এসব বিষয়ে থাকায় নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে সিইসি নূরুল হুদা বলেন, “সংবিধান ও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করতে হবে। সাংবিধানিক বিষয় আমাদের পরিবর্তন করা সম্ভব নয়।”
এখতিয়ার বহির্ভূত বিষয়ে সরকারকে চাপ সৃষ্টি করার কোনো সুযোগও ইসির নেই বলে মনে করেন সাংবিধানিক সংস্থাটির প্রধান নূরুল হুদা।
তিনি বলেন, “সহায়ক সরকার, সংসদ ভেঙে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আমরা সরকারের উপর চাপ বা বাধ্য করার সুযোগ নেই।”
রোডম্যাপ নিয়ে সংলাপ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান দূরত্ব কমাতে কিংবা তাদের মধ্যে সমঝোতার কোনোও ইসি নেবে না বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নে নূরুল হুদা বলেন, “না; এটা (সমঝোতা) আমরা নেব না। সমঝোতার কোনো উদ্যোগও নেব না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান হওয়া ভালো।”
সংলাপে আসা নানা প্রস্তাব নিয়ে ইসির করণীয় বিষয়ে তিনি বলেন, ইসির এখতিয়ারে মধ্যে থাকাগুলো বাস্তবায়ন করা হবে এবং বাকিগুলো সরকার ও সংসদের কাছে পাঠানো হবে।
“গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেগুলো আমাদের করার আছে তা আমরা বাস্তবায়ন করব। আইন প্রণয়নের বিষয়ে সংসদের কাছে পাঠাব এবং সাংবিধানিক বিষয়গুলো নিয়ে প্রস্তাব সরকারের কাছে পেশ করব।”
বিদ্যমান আইনেও সেনা মোতায়েনে কোনো বাধা না থাকলেও ভোটের সময়কার পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান সিইসি।
প্রায় তিন মাস ধারাবাহিক সংলাপের পর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সিইসি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর এখন নির্বাচিত সরকার এবং সংসদ বহাল রেখেই নির্বাচনের বিধান। তবে তাতে আপত্তি জানিয়ে আসা বিএনপি দশম সংসদ নির্বাচন বয়কটের পর একাদশ সংসদ নির্বাচনের সময় ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে। তবে এটি কেমন হবে, তা এখনও জানায়নি তারা।
দীর্ঘ সংলাপে বিএনপিসহ তাদের মিত্র দলগুলো নির্বাচনকালীন সহায়ক সরকারের উপরই গুরুত্ব দিয়েছিল। সেইসঙ্গে একাদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার কথাও বলেছিল তারা। তবে এবার দৃশ্যত বিএনপি ও তার মিত্রদের হতাশ করলেন সিইসি।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, সংবিধান অনুসরণ করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই একাদশ সংসদ নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচনকালীন মাঠ প্রশাসনের সব ক্ষমতা সংবিধান অনুসারে ইসির অধীনে থাকবে বলে উল্লেখ করেন সিইসি। ইসির স্বল্প সংখ্যক নিজস্ব কর্মকর্তা দিয়ে ভোট আয়োজন সম্ভব না হওয়ায় বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ১০-১২ লাখ লোকবলকে মাঠে থাকতে হয়।
এক প্রশ্নের জবাবে নূরুল হদা বলেন, “ভোটের সময় নিয়ন্ত্রণ আমাদের থাকে; ইসির নিয়ন্ত্রণ আছে ও থাকবে। সুষ্ঠু ভোটের জন্য আইনের নতুন করেও পরিবর্তনের দরকার নেই; বিদ্যমান আইন প্রয়োগই যথেষ্ট। তা করতে পারলেই ভোটে শৃঙ্খলা থাকবে।”
ভোটে দায়িত্ব অবহেলা বা আইনের ব্যত্যয় ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সিইসি।
