আমলার জার্সিতে ইনি কে?




জার্সি নাম্বার ও জার্সিতে লেখা নাম যেকোনো খেলাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি খেলোয়াড়কে চিনতে এর থেকে প্রয়োজনীয় আর কিছু হতে পারে না। তবে এই জার্সি নম্বরও মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে।
তেমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচে। সে ম্যাচে গোড়াপত্তন করতে নেমেছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডি’কক। মেহেদি মিরাজের বলে খুব দ্রুতই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন হাশিম আমলা।
এ পর্যন্ত ঠিক ছিল। এমনি যদি এরপর খেলা দেখতে বসেন তবে আপনাকে ভ্যাবাচ্যাকা খেতে হতে পারে। আমলা আউট হওয়ার পরেও ১ নম্বর জার্সিতে আমলা নামে কে যেন ব্যাটিং করছে। কিন্তু আমলা তো আউট। তবে ইনি কে?
একটু খেয়াল করলে দেখা যাবে আরেকজন ওপেনার কুইন্টন ডি’কক আমলার জার্সি পরেই মাঠে নেমেছিলেন। ঘটনাটি ভুলবশত কিনা তা অবশ্য জানা যায় নি।
এক আমলা ৩ রানে মিরাজের বলে আউট হলেও, আমলা জার্সিধারী ডি’কক তুলে নিয়েছেন অর্ধশতক। রুবেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে তিনি করেন ৪৪ বলে ৫৯ রান।