কথিত আছে রাশিয়ার সবটাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পত্তি। এমনকি বিশ্বের শীর্ষ ধনীদের একজন তিনি বলেও প্রচার রয়েছে। অবশ্য তা তিনি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছেন। নিজের সম্পদের পরিমাণ বাইরে জানানোর ক্ষেত্রেও গোপনীয়তা অবলম্বন করেন তিনি।
২০১৬ সালে তাঁর বার্ষিক আয় ছিল ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার। তবে এক যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজনদের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার। ওই প্রতিবেদনে দাবি করা হয়, এই ঘনিষ্ঠজনেরা আসলে পুতিনেরই সম্পদ আগলে রাখছেন।
রাশিয়ার দৈনিক নোভায়া গ্যাজেটা এবং অনুসন্ধানী সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) যৌথ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। পূর্ব ইউরোপ, ককেশাস, মধ্য এশিয়া ও মধ্য আমেরিকার অনুসন্ধানী কেন্দ্র, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সংঘ হলো ওসিসিআরপি।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজনদের কয়েকজন ‘তাঁদের গুপ্ত সম্পদের সুস্পষ্ট ব্যাখ্যা’ দিতে পারেননি। তাঁদের কাছে থাকা এসব সম্পদ সম্ভবত পুতিনেরই।
পুতিনের ঘনিষ্ঠজনদের মধ্যে সন্দেহভাজন এক ‘প্রক্সি’ হলেন মিখাইল শেলোমভ। তিনি পুতিনেরই আত্মীয়। রাশিয়ান শিপিং কোম্পানিতে চাকরি করেন তিনি। এই চাকরি থেকে তাঁর বার্ষিক আয় হতে পারে প্রায় ৮ হাজার ৫০০ ডলার।
কিন্তু ওসিসিআরপির তথ্যমতে, শেলোমভ সেন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ একজন বিনিয়োগকারী এবং তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৫৭ কোটি ৩০ লাখ ডলার। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমেও তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। আর পুতিনের বাল্যবন্ধু পিওত্র কলবিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৫৫ কোটি ডলার। অথচ তিনি মাংস বিক্রেতা ছিলেন।
পুতিনবিরোধী প্রচারক মার্কিন বংশোদ্ভূত উইলিয়াম ব্রাউডার ওসিসিআরপিকে বলেন, শেলোমভ, কলবিনসহ পুতিনের অন্যান্য অন্তরঙ্গ বন্ধুরা আসলে তাঁর ‘মনোনীত ব্যক্তি’, যাঁরা বিশ্বস্ততার সঙ্গে সম্পদগুলো আগলে রাখছেন। কলবিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে শেলোমভ এতটাই অপরিচিত মুখ যে তাঁর ছবিটাও উদ্ধার করা যায়নি।
