মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের মুখ পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
গতকাল শুক্রবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেছেন, “আমরা বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছি।”
রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমারের সেনাবাহিনীকে সহযোগিতা করার যে আহ্বান টিলারসন জানিয়েছেন, তাকে বাংলাদেশ ‘আন্তর্জাতিক চাপ’ হিসেবেই দেখছে বলে জানান শহীদুল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংকে ফোন করে ওই আহ্বান জানান। পাশাপাশি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জেনারেল মিন অং হ্লাইংয়ের সহযোগিতা চান তিনি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নাউয়ার্ট এক বিবৃতিতে বলেন, “এই সঙ্কটের কারণে বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গা যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে, সেজন্য নতুন কোনো শর্ত না দিয়ে ১৯৯২ সালের বাংলাদেশ-মিয়ানমার যৌথ বিবৃতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।”
রাখাইনে কয়েকশ বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের বসবাসের ইতিহাস থাকলেও ১৯৮২ সালে আইন করে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়। মিয়ানমারের সেনাবাহিনী এবং ক্ষমতাসীন দলের অনেক নেতাই রোহিঙ্গাদের বর্ণনা করে আসছেন ‘বাঙালি সন্ত্রাসী’ ও ‘অবৈধ অভিবাসী’ হিসেবে। সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মত রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। আর গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।
মিয়ানমার সরকার আগেই জানিয়েছে, ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তারা ফেরাতে রাজি। কিন্তু ওই চুক্তি এখন আর ‘বাস্তবসম্মত নয়’ জানিয়ে একটি নতুন প্রস্তাব দিয়ে মিয়ানমারের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। গত ১৯ সেপ্টেম্বর পার্লামেন্টে দেওয়া ভাষণে সু চিও বলেন, ১৯৯২ সালে করা প্রত্যাবাসন চুক্তির আওতায় ‘যাচাইয়ের মাধ্যমে’ বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের মুসলমানদের ফিরিয়ে নিতে তার দেশ প্রস্তুত।
এর ধারাবাহিকতায় সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে অক্টোবরের শুরুতে ঢাকায় এলে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে দুই দেশ একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে সম্মত হয়।
ওই বৈঠকেই ১৯৯২ সালের যৌথ বিবৃতির বদলে নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ। মিয়ানমারের প্রতিনিধি দলকে চুক্তির একটি খসড়াও হস্তান্তর করা হয়।
গত ৯ অক্টোবর ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, যে প্রেক্ষাপটে ১৯৯২ সালের চুক্তির নীতিমালা ও যাচাইয়ের প্রক্রিয়াগুলো ঠিক করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার তুলনায় অনেকটাই আলাদা। সুতরাং ওই চুক্তি অনুসারে এবার রোহিঙ্গাদের পরিচয় শনাক্ত করার প্রস্তাব বাস্তবসম্মত নয়। এ কারণে নতুন ওই দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব করা হলেও মিয়ানমারের জবাব এখনও বাংলাদেশ পায়নি।
