সন্ত্রাস রুখতে পাকিস্তানকে কঠোর হুশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন




সন্ত্রাসের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নিজেই পদক্ষেপ নেবে বলে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র হেদার ন্যুআর্ট একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সদ্যই আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত সফর সেরে দেশে ফিরেছেন। আর সেই সফরেই পাকিস্তানকে এ যাবৎকালের কঠোর এ বার্তা তিনি শুনিয়েছেন বলে পিটিআই কে জানান ন্যুআর্ট।
তিনি বলেন, ‘পাকিস্তানকে তাদের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বর্গরাজ্য নির্মূল করতেই হবে বলে জানিয়ে দিয়েছেন টিলারসন। আমরা অসংখ্যবার পাকিস্তানকে জানিয়েছি যে, আমরা চাই তাদের সীমানার মধ্যে যে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয়, সেগুলোর বিরুদ্ধে তাদেরকে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু পাকিস্তান তা না করলে যুক্তরাষ্ট্রই সে লক্ষ্য পূরণের অন্য পথ খুঁজবে।’
পাকিস্তানকে টিলারসন ঠিক যে কথাগুলো বলেছেন তা হচ্ছে, ‘আমরা পাকিস্তানের কাছ থেকে কী চাই জানিয়ে দিয়েছি। আমরা আপনাদেরকে এটি করার অনুরোধ করছি, কোনও দাবি জানাচ্ছি না। আপনারা একটি সার্বভৌম দেশ। আপনারাই স্থির করবেন, আপনারা কী করতে চান। কিন্তু জেনে রাখুন, আমরা মনে করি (সন্ত্রাস নিূর্মলের) পদক্ষেপ নেওয়া জরুরি। যদি আপনারা তা করতে না চান, যদি মনে করেন তা করা সম্ভব হবে না, তাহলে আমরা অন্য উপায়ে লক্ষ্যে পৌঁছনোর জন্য নিজস্ব কৌশল এবং নীতি নেব।’
উপমহাদেশ সফর থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে টিলারসন শেষবার থেমেছিলেন সুইৎজারল্যান্ডের জেনেভায়। সেখানে এক সংবাদ সম্মেলনে টিলারসন জানান, খোলাখুলি এবং আন্তরিক পরিবেশেই পাক নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।
তিনি বলেন, পাকিস্তানের নেতাদেরকে নিজের ভাষণ শোনাতে তিনি সেখানে যাননি। বরং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে ৮০ শতাংশ সময়ই তিনি ব্যয় করেছেন তাদেন কথা শোনার জন্য।আর ২০ শতাংশ সময়ে তিনি পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানিয়েছেন।