জাপানের মূল্যস্ফীতিতে ঊর্ধ্বগতি




চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের ভোক্তামূল্য টানা নবম মাসের মতো বৃদ্ধি পেয়েছে। গতকাল দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। ভোক্তামূল্য বৃদ্ধি পেলেও বিশ্বের তৃতীয় বৃহত্ অর্থনীতিটির মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার নিচেই রয়েছে।
জাপানের অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয় জানায়, অস্থিতিশীল তাজা খাদ্যমূল্য বাদে সেপ্টেম্বরে দেশটির ভোক্তামূল্য এক বছর আগের তুলনায় দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেল, বিদ্যুত্ ও পানির দাম বৃদ্ধির সুবাদে ভোক্তামূল্য ঊর্ধ্বগতি লাভ করেছে। কিন্তু তাজা খাদ্য ও জ্বালানি মূল্য বাদে সেপ্টেম্বরে ভোক্তামূল্য এক বছর আগের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ পরিসংখ্যান ব্যাংক অব জাপানের (বিওজে) ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার বহু নিচে রয়েছে। বিষয়টিকে জাপানে দীর্ঘদিন ধরে মূল্যসংকোচনের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। একদা বিকশিত অর্থনীতিটির পিছিয়ে থাকার জন্য মূল্যসংকোচনকে দায়ী করা হয়।
জাপানের মূল্যস্ফীতি প্রসঙ্গে ক্যাপিটাল ইকোনমিকসের জাপানবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্সেল থেইলিয়ান্ট বলেন, আগামী মাসগুলোয় মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশে স্থির হবে বলে আশা করা যায়। এতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি কিছুটা কঠোর করার সুযোগ পাবে। তবে বিদ্যুত্ ও গ্যাস এবং ক্রুড তেলের দাম তেমন না বাড়ায় জ্বালানি মূল্যস্ফীতি দ্রুত মন্থর হতে শুরু করবে বলে মনে করছেন তিনি।
জাপানের দূর্বল মূল্যস্ফীতি বিশ্বের অন্যান্য প্রধান অর্থনীতির বিপরীত অবস্থানে রয়েছে। এ মুহূর্তে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের শিথিল মুদ্রানীতি কঠোর করার উপায় খুঁজছে। অন্যদিকে এখনো অর্থনীতিকে চাঙ্গা রাখতে শিথিল মুদ্রানীতি অব্যাহত রাখতে হচ্ছে বিওজেকে। বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ইউরো অঞ্চলের ওপর থেকে উচ্চমাত্রার প্রনোদনা কর্মসূচি হ্রাস করতে শুরু করেছে।
সরকারি ও করপোরেট বন্ড ক্রয়ের পরিমাণ অর্ধেক কমিয়ে মাসিক ৩ হাজার ৫০০ কোটি ডলারে (৩ হাজার কোটি ইউরো) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ইসিবি। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ডিসেম্বরে চলতি বছরে তৃতীয় দফা সুদহার বৃদ্ধি করবে বলে ব্যাপক আকারে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া মার্কিন নীতিনির্ধারকরা আগামী বছর আরো তিন দফা সুদহার বাড়াতে পারে বলে পূর্বাভাস করা হয়েছে।