৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন শতাধিক প্রার্থী। তাঁরা বলছেন, পরীক্ষা ভালো হওয়ার পরও ফলাফলে তাঁদের রোল আসেনি। লিখিত পরীক্ষার ফলাফলে কোনো কারিগরি ত্রুটি বা অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসব প্রার্থী সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদন করেছেন।
গত বুধবার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বেরোয়। এতে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ফলাফলের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা এক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৩৬তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেয়েছি। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষাও খুব ভালো হয়েছে। ভেবেছিলাম উত্তীর্ণ হব। কিন্তু প্রকাশিত ফলাফলে আমার রোল নেই, মানতে পারছি না। পিএসসিতে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছি।’
কেবল তাঁরা নন, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন শতাধিক প্রার্থী।
প্রথম শ্রেণির ১ হাজার ২২৬ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।
লিখিত পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য গত বৃহস্পতিবার ১১৯ জন প্রার্থী সম্মিলিতভাবে পিএসসিতে আবেদন জমা দিয়েছেন। আবেদনে বলা হয়, রাজধানী উচ্চবিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস কেন্দ্রে সমানসংখ্যক পরীক্ষার্থী ছিলেন। কিন্তু রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পাসের হার ৪০ আর গ্লাস অ্যান্ড সিরামিকস কেন্দ্রে পাসের হার ৬৮ শতাংশ। এমন বেশ কিছু বিষয়ের কারণে আবেদনকারীদের ধারণা, প্রকাশিত ফলাফলে অসংগতি রয়েছে।
আবেদনকারীদের একজন বলেন, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৮৪ হাজার ৩১৬ থেকে ৮৫ হাজার ১১ রোল নম্বরের মধ্যে ৩৫ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হননি। কারিগরি ত্রুটির কারণে এমন ঘটতে পারে। যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে কয়েকজনের ফল পিএসসি পুনর্নিরীক্ষণ করলেই বিষয়টি পরিষ্কার হতে পারে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, কমিশনের কমিটির সভায় আবেদনের বিষয়টি তোলা হবে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
