মিয়ানমারের পার্লামেন্টের কাছে ড্রোন উড়ানোর দায়ে দুই বিদেশি সাংবাদিকসহ চারজনকে অভিযুক্ত করেছে পুলিশ। আটক দুই বিদেশি সাংবাদিক হলেন, সিঙ্গাপুরের লাউ হন মেনং এবং মালয়েশিয়ার মোক চোই লিন। তারা তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘টার্কিস রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের’ (টিআরটি) হয়ে কাজ করছিলেন।
অন্য দুইজন হলেন, মিয়ানমারের সাংবাদিক অং নাইং সোয়ে এবং তাদের গাড়ি চালক। পুলিশের এক মুখপাত্র বলেন, ওই সাংবাদিকরা ‘অবৈধভাবে ড্রোন আমদানি’ করেছেন।
রাজধানী নেপিদোতে পার্লামেন্ট ভবন এবং প্যাগোডার কাছে ড্রোন উড়ানোর সময় নিরাপত্তারক্ষীরা ওই সাংবাদিকদের আটক করে। তারা ড্রোন উড়িয়ে ছবি ধারণের চেষ্টায় ছিলেন।
চারজনকে আদালতে প্রথম শুনানির দিন ১০ নভেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা হবে। লাইসেন্স বিহীন পণ্য আমদানির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৪ অগাস্ট রাতে তিনটি পুলিশ পোস্টে হামলার পর রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সেনা অভিযান শুরু হয়। এখন পর্যন্ত রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রায় ছয় লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।
গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছিলেন, রোহিঙ্গা মুসলিমদের উপর যে পরিমাণ নৃশংসতা চালানো হচ্ছে তা ‘গণহত্যার’ সামিল। নিজেদের সংবাদকর্মীদের মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানায় টিআরটি কর্তৃপক্ষ।
