চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ায় সিটি করপোরেশনের দায় অস্বীকার করে ‘কারো ঘরের মশারি টানাতে পারবেন না’ বলে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
আজ শনিবার ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ র্যালি’ শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের সময় এ দুঃখ প্রকাশ করেন তিনি।
মেয়র বলেন, ‘গতকাল একটি পত্রিকা আমার বক্তব্য নিয়ে নিউজ করেছে, এতে অনেকেই মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ওভাবে বলতে চাইনি। আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী সিটি করপোরেশনগুলোকে দায়ী করার পর ‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ও ডিএনসিসির কার্যক্রম’ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে দায় অস্বীকার করে মশারি টানানো বিষয়ক ওই মন্তব্য করেছিলেন ঢাকা উত্তরের মেয়র।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত দুজন কীট-তত্ত্ববিদদের বক্তব্য উদ্ধৃত করে চিকুনগুনিয়ার জন্য ঘরের বাইরের চেয়ে ভেতরের মশাকে বড় কারণ দাবি করে সে পর্যন্ত পৌঁছানো সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না মন্তব্য করেছিলেন তিনি।
গতকালের সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘আপনার ঘরের ভেতরে গিয়ে আমি মশারি টানাতে পারব না। আপনার চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারব না। আপনার ঘরের ভেতর সামান্য স্বচ্ছ পানিতে যে মশা জন্মাচ্ছে, সেটা আমি মারতে পারব না।’
করপোরেশনের যেখানে মশা মারার কথা তার চেয়ে বেশি মারা হচ্ছে বলে সেদিন দাবি করলেও শনিবার মেয়রের কার্যালয়ের সামনে থেকে র্যালির শুরুর আগে দেওয়া বক্তব্যে মশা নিধন কাজে কর্মীদের কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান আনিসুল হক।
মেয়র বলেন, ‘গত মাসেই কর্তব্যে অবহেলার জন্য ১০৯ জন কর্মীর চাকরি গেছে। আমরা আরও কিছু অভিযোগ পেয়েছি, দায়িত্বে অবহেলা করার জন্য যত শিগগির সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’
