কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে বার্সেলোনায় বিক্ষোভ




স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে এবং ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে আজ ওই অঞ্চলের রাজধানী বার্সেলোনা শহরে বিক্ষোভ হচ্ছে। হাজার হাজার মানুষ এ বিক্ষোভে যোগ দিয়েছেন।
‘আমরা সবাই কাতালান’ নামের একটি সংগঠনের আয়োজনে এ সমাবেশের প্রতি স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলোর সবাই সমর্থন জানিয়েছে।
এ বিষয়ে মাদ্রিদের কেন্দ্রীয় সরকার বলছে, তারা কাতালান প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে, এবং নতুন নির্বাচনের ডাক দিচ্ছে।
ঐক্যবদ্ধ স্পেনের সমর্থনে এবং কাতালোনিয়ার স্বাধীনতার গণভোটের বিরুদ্ধে গতকাল স্পেনের রাজধানী মাদিদ্রে যে বিশাল সমাবেশ হয়েছে, তার পুনরাবৃত্তি হচ্ছে আজ বার্সেলোনায়।
সমাবেশে যোগ দেওয়া এক নারী বলছিলেন, এই সঙ্কট তৈরির জন্য কার্লেস পুজদেমনকে কারাগারে পোরা উচিৎ। আমরা চাই তারা যেন আমাদের বিচ্ছিন্ন করতে না পারে। এই লোকটি আমাদের ধ্বংষের মুখে এনে দাঁড় করিয়েছে। আমারা কোনোভাবেই তার কথা মেনে নেবনা।
স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলো এই সমাবেশে সমর্থন দিচ্ছে।
অন্যদিকে শনিবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর আঞ্চলিক সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে।
অন্যদিকে ক্ষমতাচ্যুত কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনকে মাদ্রিদের এই পদক্ষেপের বিরুদ্ধে, তার ভাষায়, গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি হুঁশিয়ার করেছিলেন যে মাদ্রিদ তাকে উৎখাতের চেষ্টা করলে কাতালোনিয়ায় অসহযোগ আন্দোলন শুরু হবে।