প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে আইএস




ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের চার বছর বয়সী সন্তান প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী জর্জ গত মাসে লন্ডনের কেন্দ্রস্থলে কেনিংসটন প্রাসাদের কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়।
গোপনীয় বার্তা আদান-প্রদানের যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আইএসের জনপ্রিয় চ্যানেলে নতুন স্কুলটির সামনে থাকা জর্জের ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘আগেভাগেই স্কুল শুরু হলো’। আইএসের পোস্টটিতে আরবি শব্দে আরও যা লেখা ছিল তা হলো, ‘বুলেটের সুরে যখন যুদ্ধ ঘনিয়ে আসে, তখন আমরা প্রতিশোধের আকাঙ্ক্ষায় অবিশ্বাসীদের ওপর চড়াও হই।’
বার্তা আদান-প্রদানে টেলিগ্রাম আইএসের প্রিয়; কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান প্রকাশ করা হয় না। ওই সংবাদপত্রের দাবি, আইএসের ওই বার্তায় রাজপরিবারের শিশু জর্জকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে থাকেন বলে ধারণা করা হয়। স্কুলে জর্জের নিরাপত্তা নিয়ে এরই মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে চোর সন্দেহে স্কুলটি থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়।