বিশ্বব্যাপী জ্বালানিপণ্য হিসেবে প্রাকৃতিক গ্যাসের বিপুল চাহিদা রয়েছে। কয়েক বছর ধরেই পণ্যটির বৈশ্বিক চাহিদায় প্রবৃদ্ধি বজায় রয়েছে, ফলে বেড়েছে বেচাকেনাও। এর ধারাবাহিকতায় ২০১৬ সালে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক বাণিজ্য আগের বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহে ‘ন্যাচারাল গ্যাস ইন দি ওয়ার্ল্ড ২০১৭’ শীর্ষক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ন্যাচারাল গ্যাস (সিইডিআইজিএজেড)। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির এ তথ্য উঠে এসেছে।
সিইডিআইজিএজেডের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বব্যাপী মোট ৪ লাখ ৩৮ হাজার ৮০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বেচাকেনা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। ইউরোপের বাজারে বছরজুড়েই জ্বালানিপণ্যটির বাড়তি চাহিদা বজায় ছিল। এর জের ধরে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস আমদানিও বেড়েছে। মূলত এ কারণেই গত বছর প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক বাণিজ্যে প্রবৃদ্ধি বজায় ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্রাকৃতিক গ্যাস ব্যবহার আগের বছরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় ইউরোপের পাশাপাশি চীনেও পণ্যটির ব্যবহার বেড়েছে। সিইডিআইজিএজেডের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ ও ২০১৬ সালে চীনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে ৩ শতাংশ হারে বেড়েছে। অন্যদিকে বিদ্যুত্ উৎপাদনকেন্দ্রগুলোয় জ্বালানি হিসেবে কয়লার বদলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ায় ইউরোপের দেশগুলোয় পণ্যটি ব্যবহারে প্রবৃদ্ধি বজায় রয়েছে।
এদিকে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক ব্যবহার ও বাণিজ্য প্রবৃদ্ধির জের ধরে ২০১৬ সালে বিশ্বব্যাপী পণ্যটির উত্তোলন আগের বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে সিইডিআইজিএজেড। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, গত বছর প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক উত্তোলনে দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ইউরোপের পাশাপাশি চীন, ভারতসহ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলোয় ব্যবহার আরো বাড়লে আগামী বছরও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক ব্যবহারে প্রবৃদ্ধি বজায় থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। ফলে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে জ্বালানিপণ্যটির মূল্যবৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিইডিআইজিএজেড।
