বাজার দর: বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ




অজুহাতের কোন শেষ নেই। কখনো ঈদের চাহিদা, কখনো বা মজুদ কম। এবার এর সাথে যোগ হয়েছে অতিবৃষ্টি। আর তাতেই যেন লাগাম ছাড়া পেঁয়াজের দাম। আর দাম বাজার ভেদে ওঠা নামা করছে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
বর্তমানে খোলা বাজারে দেশি পেঁয়াজের দাম ৯০ থেকে ৯৫ টাকা প্রতি কেজি। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাতিরপুলে ৯৫ টাকা, মধুবাগ বাজারে ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা, মগবাজারে ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা, কারওয়ান বাজারের পাইকারি আড়তে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা ও দেশি পেঁয়াজ ৭৮ টাকায় বিক্রি হচ্ছে, ৫২ টাকায় শ্যামবাজারে। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন পেঁয়াজের দর ৩৪১ ডলার।
এ হিসাবে কেজিপ্রতি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে প্রায় ২৮ টাকা। এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বাজারে দর ছিল ২৭১ ডলার। এ হিসাবে প্রতি কেজির দর ২২ টাকা। তাই আমদানি করা পেঁয়াজের দাম এতটা বাড়ার কোনো কারণ নেই বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা।
তবে পাইকারি বাজারের সঙ্গে খুচরায় কেজিতে ৩০ টাকা ব্যবধান হওয়ার কথা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আগামী মাসে পেঁয়াজ আসা শুরু হলে তখন দাম কমবে বলেও ধারনা করছেন তারা।