পালালেন কাতলান নেতা পুজদেমন: করা হবে বিদ্রোহের মামলা




স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার অপচেষ্টায় কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজদেমন ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তবে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন স্বাধীনতাকামী কার্লেস পুজদেমন। তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছেন বলে সোমবার সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা এই অভিযোগ এনেছেন। শুধু তাই নয় সরকারি কোষাগারের অর্থের অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগও এসেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে মামলা হতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
দোষ প্রমাণ হলে বিদ্রোহের জন্য ৩০ বছর, রাষ্ট্রদ্রোহের জন্য ১৫ আর সরকারি অর্থ অপব্যবহারের জন্য অন্তত ছয় বছর পর্যন্ত সাজার বিধান আছে।
গত শুক্রবার কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণা পাস হয়। এরপর স্পেনের সিনেট কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়। এর পরদিনই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে।