ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ার পর পাকিস্তানের এক তরুণী তার শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাচ্ছি খাইয়ে দেয়ার পর ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে ঐ তরুণীর স্বামী বেঁচে গেছেন।
মুজফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিক সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মুজাফফরগড় পুলিশ জানায়, দুই মাস আগে আসিয়ার সঙ্গে মুজাফফরগড়ের আমজাদের বিয়ে হয়। কিন্তু এই বিয়েতে আসিয়ার মত ছিল না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়ার কারণে প্রেমিকের সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তিনি। এ কারণে তিনি স্বামী আমজাদকে হত্যার পরিকল্পনা করেন। গতকাল তিনি সেই পরিকল্পনা অনুযায়ী দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেন। কিন্তু কোনো কারণে সেদিন আমজাদ দুধ খাননি। সেই দুধ দিয়ে লাচ্ছি তৈরি করেছিলেন আসিয়ার শাশুড়ি। শিশুসহ বাড়ির ২৭ জন সদস্য সেই লাচ্ছি খায়। এ কারণে অসুস্থ হয়ে পড়ে সবাই। পরে ১৩ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানায়, প্রথমে সবাই ধারণা করেছিলেন যে দুধে টিকটিকি পড়ায় বিষক্রিয়া হয়েছিল। কিন্তু পরে পুলিশ হেফাজতে আসিয়া স্বীকার করেছেন, তিনি স্বামী আমজাদকে হত্যার উদ্দেশ্যেই দুধে বিষ মিশিয়ে দিয়েছিলেন। আসিয়া এবং তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।
