বেলজিয়ামে চলে যাওয়া স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামী ক্ষমতাচ্যুত নেতা কার্লোস পুজদেমনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। গত মঙ্গলবার এ সমন জারি করা হয়।
তবে গতকাল বুধবার পুজেমনের আইনজীবী পল বেকার্ট নিশ্চিত করেছেন, বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাদ্রিদ আদালত পুজদেমনকে হাজির হওয়ার সমন জারি করলেও তাতে তিনি সাড়া দেবেন না।
গতকাল স্পেনীয় টেলিভিশন চ্যানেল টিভি-থ্রিকে তিনি বলেন, তাঁর মক্কেল মাদ্রিদে যাবেন না। এই আইনজীবী পুজদেমনকে বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছেন।
কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করায় সেখানকার নেতা পুজদেমনের বিরুদ্ধে বিদ্রোহের মামলা হতে পারে। স্পেনের আদালত এ সপ্তাহের মধ্যে তাঁকে ও তাঁর কয়েকজন সহযোগীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এই সমন মেনে আদালতে উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। এর ফলে আগামী ২১ ডিসেম্বর আগাম নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।
গত শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। এরপর স্পেনের প্রেসিডেন্ট মারিয়ানো রাখোয় পুজদেমনকে বরখাস্ত করেন এবং আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্ত করেন। কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন জারি করা হয়।
সোমবার স্পেনের সরকারি কৌঁসুলি পুজেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিদ্রোহের অভিযোগ আনেন। রাষ্ট্রদ্রোহের অপরাধে স্পেনে ৩০ বছরের সাজা হওয়ার বিধান আছে।
এর মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে পাড়ি জমান পুজেমন। সঙ্গে আছেন তাঁর বিলুপ্ত প্রশাসনের বেশ কিছু নেতা। সেখানে আইনজীবী নিয়োগ করেছেন। মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে হাজির হলেও তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়টি এখনো খোলাসা হয়নি।
পুজদেমন এবং তাঁর বিলুপ্ত সরকারের ১৩ নেতার আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার আদালতে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে।
