বিপিএলে এক হাজার রান পেরিয়েছে মোটে তিনজন। ৪৬ ম্যাচ খেলে ১১৭২ রান করে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের টেস্ট অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৭ ম্যাচে তাঁর সংগ্ৰহ ১০৮৮ রান। তিনে থাকা তামিম ইকবাল ৩৪ ম্যাচে রান করেছেন ১০২৮।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান এক হাজারের মাইলফলক পেরুতে পারেন নি। তবে সুযোগ আছে আরো ব্যাটসম্যানদের। বাংলাদেশের টি২০ দলের অধিনায়ক ও ঢাকা ডাইনামাইটসের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের বিপিএল রান ৯৭১ এবং ৯১০ রান নিয়ে সিলেট সিক্সার্সের আইকন সাব্বির রহমান।
দুইজনেরই সামনে সুযোগ থাকছে এক হাজার রানের মাইলফলক পেরুনোর। সাকিবকে করতে হবে ২৯ রান। সাব্বিরের জন্য অপেক্ষা করছে ৯০ টি রান। আগামীকাল বিপিএল-৫ এর উদ্বোধনী ম্যাচে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ক্রিকেট দলের এই দুই নিয়মিত সদস্য।
নিজেদের নামের প্রতি সুবিচার করলে হয়ত মাইলফলক পেরিয়ে যেতে পারেন দুইজনই।
