নিষ্ঠা, কঠোর পরিশ্রম, ভালবাসা, আবেগ – সবকিছু দিয়েই জাতীয় দলকে আগলে রাখছেন। বিপদে দল বাঁচাতে তার চেয়ে ভাল কে জানে? তারপরও তাকে নিয়ে প্রশ্ন তোলার জায়গাটা কোথায়?
দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমে বরিশাল বুলসের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক এম এ আওয়াল চৌধুরী ভুলু নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে জানান, তার দল নতুন আইকন খেলোয়াড় খুঁজছে। এ সময় তিনি মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
গতবছর বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন মুশফিক। তার অধীনে ভালো কিছু করতে পারেনি বিপিএলের দলটি। তাই নতুন আসরে মুশফিকের বিকল্প খুঁজছে ‘ডবল বি’রা। এসময় তিনি মুশফিককে উদ্দেশ্য করে অধরাবাহিক, ভালো অধিনায়ক নয় এসব বলে অসম্মান করেন। এ সময় তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাজে মন্তব্য করায় গত বছর তাকে চিঠি দেওয়া হয়েছিল। …খেলোয়াড়েরা আশা করে তাদের সে উৎসাহ দেবে, একসঙ্গে বসে পরিকল্পনা করবে। সে ভালো খেলোয়াড় কিন্তু ভালো অধিনায়ক নয়।’ তার এই মন্তব্যে তোলপাড় দেশীয় মিডিয়া। বিব্রতকর পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিল।
যেহেতু তিনি শুধু একজন বিপিএল দলের স্বত্বাধিকারী নন, বিসিবির পরিচালনা পরিষদের সদস্য তাই তাঁকে আরো সংযত হওয়া উচিত ছিল বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল মল্লিক।
ইসমাইল বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়কে যথাযথ সম্মান করতে হবে। একজন পরিচালক হিসেবে তাঁকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। বরিশাল বুলসের হয়ে মুশফিক খারাপ করতে পারে। কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি বলতে পারে না, সে খারাপ!’
এছাড়া বরিশাল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্ করে মল্লিক বলেন, ‘জাতীয় দলের একজন খেলোয়াড়কে নিয়ে তিনি এভাবে বলতে পারেন না। তাঁকে ডাকা হয়েছে। আমরা কারণ দর্শানো নোটিশ দেব। যথাযথ উত্তর না পেলে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটা হতে পারে আর্থিক কিংবা অন্য কোনো শাস্তি।’
এদিকে ক্ষুব্ধ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল সংবাদ মাধ্যমে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি, ‘মল্লিক ভাই (বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব) বলেছেন, ওনারা ব্যাপারটা দেখবেন। আজ আমার সঙ্গে হয়েছে। কাল অন্যদের সঙ্গে যে এমনটা হবে না, এর নিশ্চয়তা নেই। একজন খেলোয়াড় এতটুকু সম্মান আশা করতেই পারে। দেশকে এত দিন সার্ভিস দিচ্ছি, এতটুকু সম্মান…।’ মুশফিকের গলাটা যেন ধরে আসে।
