তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘হালদা’ ছবিটি গত ২৫ অক্টোবর জমা দেওয়া হয়। গতকাল সোমবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ছবিটি দেখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন।
আগামী ১লা ডিসেম্বর মুক্তি পাবে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রটি৷ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত সিনেমার ট্রেলারটি কুড়িয়েছে ব্যাপক প্রশংসা৷ হালদা নদী এবং একে ঘিরে বসবাসরত মানুষের জীবনযাত্রা নিয়ে নির্মিত এ ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুল রহমান বাবু, মোশাররফ করিম, তিশা এবং জাহিদ হাসান৷
গত ৫ নভেম্বর এর অফিশিয়াল ট্রেলারটি ইউটিউবে ছাড়া হয়৷ ট্রেলারটি এর মধ্যেই দেখা হয়েছে লক্ষাধিকবার৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও হয়েছে অনেক৷
এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগকে অনেকে সামাজিক দায়বদ্ধতার অংশ উল্লেখ করে সাধুবাদ জানাচ্ছেন নির্মাতা তৌকির আহমেদকে৷ ভালো কাজকে উৎসাহিত করতে হলে গিয়ে এ চলচ্চিত্র দেখার আহ্বানও জানিয়েছেন অনেকে৷
তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এ চলচ্চিত্র নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ প্রকাশ পেলেও অনেকে ভাবছেন, দূরূহ এ আঞ্চলিক ভাষা সবার বোধগম্য হবে কিনা৷
