জ্বালানি তেলের বাজারে তেজিভাব




দুর্নীতিবিরোধী অভিযানে ১৭ রাজকুমার, বর্তমান ও সাবেক মন্ত্রীসহ ৩৮ জন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার, ২৪ ঘণ্টার ব্যবধানে দুজন প্রভাবশালী রাজকুমারের মৃত্যুকে কেন্দ্র করে সৌদি আরবে অস্থিরতা বিরাজ করছে। এ অস্থিরতার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে।
পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরবের ভেতরকার অস্থিরতা জ্বালানি তেলের বাজারে তেজিভাব ফিরিয়ে এনেছে। এর জেরে পণ্যটির দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সামগ্রিক পরিস্থিতিকে সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত করলেও জ্বালানি তেলের বাজারের জন্য লাভজনক বিবেচনা করছেন বিশ্লেষকরা।
গত সপ্তাহে দেশটির উচ্চপর্যায়ের দুর্নীতিবিরোধী কমিটির দায়িত্ব পান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর পরপরই শুরু হয় ধরপাকড়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন দেশটির ১৭ রাজকুমার। একই সঙ্গে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বর্তমান ও সাবেক মন্ত্রীকে।
দেশজুড়ে ব্যাপক আকারে ধরপাকড়ের মাঝেই দুজন প্রভাবশালী রাজকুমারের মৃত্যুর খবর আসে। দেশটির দক্ষিণ সীমান্তের আসির প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রিন্স মানসুর বিন মুকরিন। তিনি সৌদি আরবের সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের পুত্র। ২৪ ঘণ্টা না পেরোতেই সাবেক বাদশাহ ফাহাদের পুত্র আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যুর খবর মেলে। গ্রেফতার এড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। রাজপরিবারের প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতারসহ সামগ্রিক পরিস্থিতিকে বর্তমান যুবরাজ ও চলমান অস্থিরতার প্রধান কুশীলব মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা সংহতকরণের প্রক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে।
সৌদি অস্থিরতার জের ধরে গতকাল যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৬৪ ডলারের ওপরে উঠে যায়, যা ২০১৫ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি সাড়ে ৫৭ ডলারে অবস্থান নেয়। ২০১৫ সালের জুলাইয়ের পর এদিন পণ্যটি সর্বোচ্চ দামে বিক্রি হয়। দুবাইয়েও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৬২ ডলারের বেশি দামে বিক্রি হয়। সব মিলে দামের পরিপ্রেক্ষিতে চলতি বছরের সবচেয়ে ভালো সময় পার করছে জ্বালানি তেলের বাজার। আর এর পেছনে সৌদি আরবের অভ্যন্তরীণ অস্থিরতা ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।