বৃটেনের রানী এলিজাবেথের পর এবার প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িয়েছে প্রিন্স চার্লসের নাম। একাধিক সদস্যের নাম আসায় বেশ বিপাকে বৃটেনের রাজ পরিবার।
সপ্তাহের শুরুতে এই কেলেঙ্কারিতে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নাম পাওয়া যায়। এখন জানা যাচ্ছে শুধু রানী নন এ তালিকায় নাম আছে প্রিন্স চার্লসেরও। ফাঁস হওয়া নথিতে দেখা যায় প্রিন্সের ভূসম্পত্তি বারমুডা ভিত্তিক একটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। আর এ কাজে প্রিন্সকে সহায়তা করেছেন তারই এক বন্ধু।
ফাঁস হওয়া প্যারাডাইস পেপার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রিন্স চার্লসের ওই অবস্থানের মধ্যে স্বার্থের সংঘাত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।
বুধবার (৮ নভেম্বর) সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, ফাঁস হওয়া নথি অনুযায়ী প্রিন্স বারমুডা ভিত্তিক সাসটেইনেবল ফরেস্ট্রি ম্যানেজমেন্ট লিমিটেডে (এসএফএম) তার ব্যক্তিগত সম্পত্তি বিনিযোগ করেন। আর ঐ কোম্পানির কর্মকর্তা ও শেয়ার হোল্ডার হগ ভেন কাটসেম প্রিন্সের ঘনিষ্ঠ ও অনেক দিনের বন্ধু।
২০০৭ সালে প্রিন্স এ কোম্পানিতে বিনিয়োগ করেন। সেসময় কোম্পানির বোর্ড মিটিংয়ে প্রিন্সের ১ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগ সংবাদ গোপন রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে ২০০৮ সালে প্রিন্স তার শেয়ার চার লাখ ২৫ হাজার ডলারে বিক্রি করেন।
সেসময় এসএফএম রেইন ফরেস্টগুলোর বেলায় কার্বন ক্রেডিট অন্তর্ভুক্ত করতে বিভিন্ন দেশের রাজনীতিকদের প্রভাবিত করতে চেষ্টা চালাচ্ছিল। কেননা ইউরোপীয় ইউনিয়নের এমিশন ট্রেডিং স্কিম (ইইউ ইটিএস) ও কিয়োটো চুক্তিতে এ বিষয়টি অর্ন্তভূক্ত করা হয়নি।
প্যারাডাইস পেপার্সের নথি অনুযায়ী, এসএফএম লবিং শুরু করার কিছুদিনের মধ্যেই চার্লস জলবায়ু নীতিতে অন্তর্ভুক্ত না হওয়া কার্বন ক্রেডিট পুনরায় যুক্ত করার জন্য জোর প্রচারণা শুরু করেন। ভ্যান হগের পরিকল্পনা ছিল বিশ্ব জুড়ে বনাঞ্চল ও ভূমি ক্রয়ের মাধ্যমে তাদের কোম্পানির প্রসার আরো বৃদ্ধি করার। কিন্তু ২০১১ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে তাদের কার্যক্রমের ব্যাগাত ঘটে।
এর আগে নথিগুলো থেকে জানা যায়, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রাইভেট এস্টেট, রানীর ৫০ কোটি পাউন্ডের ব্যক্তিগত সম্পদের দেখাশোনা করা ডাচি অব ল্যাঙ্কাস্টার ক্রাইম্যান দ্বীপের একটি ফান্ডে ও বারমুডায় অফশোর পোর্টফোলিওর আওতায় বিনিয়োগ করেছে, যা আগে কখনো প্রকাশ হয়নি। প্যারাডাইস পেপারসে দেখা যায়, রানীর ব্যক্তিগত অর্থের প্রায় ১ কোটি পাউন্ড (১ কোটি ৩০ লাখ ডলার) অফশোরে বিনিয়োগ করা হয়েছে।
বৃটেনের রানী বা প্রিন্সের বিনিয়োগে কোন ধরনের আইনগত বাধা নেই। এমনকি তারা তাদের আয় থেকে স্বেচ্ছায় আয়করও পরিশোধ করেন নিয়মিত। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে রাজপরিবারের শুল্কস্বর্গে বিনিয়োগ করার নৈতিক ভিত্তি নিয়ে।
বিশ্লেষকদের মতে, শুল্কস্বর্গে বিনিয়োগের জন্য সুনামের ক্ষতি হতে পারে ব্যাপকভাবে। কেননা এসব অফশোর শুল্কস্বর্গগুলো ব্যবহার করা হয় অবৈধ ও অনৈতিক উদ্দেশ্যে। এসবের মধ্যে আছে শুল্ক এড়িয়ে যাওয়া, জালিয়াতি, অর্থ পাচার ও সম্পত্তি গোপন রাখা।
এবারের ফাঁস তথ্য থেকে জানা যাচ্ছে বৃটেনের রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত বিনিয়োগ সম্পর্কিত অনেক তথ্য যা আগে কখনোই প্রকাশিত হয়নি।
