তাসকিনের ঝড়ে প্রথম জয় পেল চিটাগং ভাইকিংস




১২ ওভার শেষে ৩ উইকেটে ১০২ রান নিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিলো রংপুর। ১৩ তম ওভারে এসেই দৃশ্যপট পাল্টে দেন তাসকিন। ওভারের শেষ তিন বলে তুলে নেন তিন উইকেট। আর তাতেই আসরে প্রথম জয় পেলো চিটাগং ভাইকিংস।
এর আগে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার মিথুন আলিকে হারায় রংপুর। ৪ বলে ১১ রান করে দ্বিতীয় ওভারেই ফেরেন জিয়াউর রহমান। এরপর শাহরিয়ার নাফিসের সঙ্গে জুটি বেঁধে রংপুরকে লড়াইয়ে ফেরান রবি বোপারা।
এরপর শুরু হয় তাসকিন ঝড়। একে শাহরিয়ার নাফিসকে (২৬) করেন বোল্ড, পরের সামিউল্লাহ আনসারিকে মেসবাহ-উল হকের তালুবন্দ্বী করান। ওভারের শেষ ইয়র্কারটি সজোরেই ফিরিয়েছিলেন থিসারা পেরেরা। ফিরতি বলে পা লাগিয়ে বলের গতিপথ পাল্টে দেন তাসকিন। কপাল পোড়ে দারুণ খেলতে থাকা রবি বোপারা (৩৮)। এরপরেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় মাশরাফিরা। শেষ দিকে মালিঙ্গার ব্যাটে লড়াইটা জমে উঠলেও শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মাশরাফি বাহিনীকে।
দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে টস জিতে চিটাগংকে ফিল্ডিংয়ে পাঠান মাশরাফি। লুক রঞ্চির বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে চিটাগং। ৭ রানে মাশরাফির শিকারে পরিণত হন সৌম্য সরকার।
তবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন রঞ্চি। নবম ওভারে ভাইকিংসদের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৯৯। ৭৮ রানে রঞ্চিকে আউট হওয়ার পর শ্লথ হয়ে যায় রানের চাকা। উইকেট ধরে রাখলেও দিলশান মুনাওয়ারে, মেসবাহরা রান তোলেন ধীর গতিতে। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৬৬ রান করে চিটাগং। অধিনায়ক মেসবাহ-উল হক ৩২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।