বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ পত্র দেয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালে পদত্যাগ পত্র দিয়েছিলেন চণ্ডিকা হাথুরুসিংহে।
তবে এর আগে বিসিবির মিডিয়া পরিচালক জালাল ইউনুস বলেছিলেন, হাথুরুসিংহের পদত্যাগ সম্পর্কে আমরা কিছুই জানি না। পদত্যাগ পত্র আমাদের হাতে আসেনি।
সাউথ আফ্রিকা সিরিজে ভরাডুবির পর বিতর্কের মুখে পড়েছিলেন কোচ হাথুরুসিংহে। এবার শোনা যাচ্ছে, চণ্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি এমনটাই। বাংলাদেশের বর্তমান কোচ নাকি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে।
শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে পারেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড গত জুনে পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে আছে ক্রিকেট শ্রীলঙ্কা।
গত বছর মেয়াদ বাড়িয়ে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকার চুক্তি করেন হাথুরুসিংহে। তিন বছরের বেশি সময় ধরে থাকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ বেশ উন্নতি করেছে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনালে উঠে মাশরাফি বিন মুর্তজার দল। দেশের মাটিতে সিরিজে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়েও আগায় বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশে এবং শ্রীলঙ্কার মাটিতে জিতেছে।
তবে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ।
