বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম




বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে স্বর্ণের দাম। গতকাল পণ্যটির দাম তেমন একটা বাড়েনি। তবে প্যালাডিয়াম ও রুপার দাম বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণ আউন্সপ্রতি ১ হাজার ২৮১ দশমিক ২১ ডলারে কেনাবেচা হয়েছে।
এর আগের দিন পণ্যটির দাম দশমিক ৪ শতাংশ বেড়েছিল। ওইদিন পণ্যটির দাম ১ হাজার ২৮৭ দশমিক ১৩ ডলারে পৌঁছে যায়, যা ২০ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ফিউচার মার্কেটে গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৮২ ডলারে লেনদেন হয়।
এ বিষয়ে এএনজেডের বাজার বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইনস বলেন, স্বর্ণের বাজার ডলারকে অনুসরণ করছে। বাজারের অন্য প্রভাবকগুলোর প্রভাব কমে এসেছে।
গতকাল মুদ্রাবাজারে ডলারের দামও স্থিতিশীল ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করপরিকল্পনা বাস্তবায়নে বিলম্বের সম্ভাবনা মুদ্রাটির ভবিষ্যৎ কিছুটা শঙ্কা তৈরি করেছে।
ওয়ান্ডার বাজার বিশেষজ্ঞ জেফ্রি হ্যালি বলেন, ডলারের কারণে স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা সুবিধা পেয়েছেন। আগামী দিনে মুদ্রাই স্বর্ণের বাজারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
রয়টার্সের বিশেষজ্ঞ ওয়াং তাওয়ের মতে, স্পট মার্কেটে দাম ১ হাজার ২৮৬ ডলারে পৌঁছালে স্বর্ণের বাজার আবারো সক্ষমতা পরীক্ষার মুখে পড়তে পারে। হয়তো ওই সময়ে দাম ১ হাজার ২৯২ থেকে ১ হাজার ২৯৮ ডলারে পৌঁছে যেতে পারে।
এদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। গতকাল পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১৪ দশমিক ৭৫ ডলারে লেনদেন হয়। গত বুধবার পণ্যটির দাম ১ হাজার ১৯ ডলারে পৌঁছে গিয়েছিল, যা ২০০১ সালের পর থেকে সর্বোচ্চ।
রুপার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ দশমিক শূন্য ৬৫ ডলারে লেনদেন হয়। আর প্লাটিনামের দাম কমেছে দশমিক ৪ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯২৭ দশমিক ২৪ ডলারে হাতবদল হয়।
হাইনস বলেন, প্লাটিনামের বাজার নিয়ে অস্বস্তি আছে। পণ্যটির চাহিদা কমে যাওয়ায় প্যালাডিয়াম উপকৃত হচ্ছে। এ কারণে বাজার চাঙ্গা হওয়ায় দামের এই উত্থান দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে মূল্যবান ধাতুর বাজারে প্লাটিনামের চেয়ে ভালো অবস্থানে আছে প্যালাডিয়াম। গত সেপ্টেম্বরে পণ্যটির দাম ১৬ বছরে প্রথমবারের মতো প্লাটিনামকে ছাড়িয়ে যায়। ডিজেলভিত্তিক যানবাহনে প্লাটিনাম বহুল ব্যবহূত হয়। ভক্সওয়াগনের ধোঁয়া নির্গমন কেলেঙ্কারির জের ধরে ২০১৫ সালের পর থেকে পণ্যটির বাজার নিম্নমুখী।