প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। শনিবার তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র।
প্রধান বিচারপতির পদত্যাগপত্র পৌঁছানোর পর আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এরআগে কানাডা যাওয়ার পথে শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন সিনহা।
এর আগে, এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার পদত্যাগ পত্র এখনো রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি।
এদিকে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। প্রধান বিচারপতি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার রাতে সিঙ্গাপুরে পৌঁছান। কানাডায় প্রধান বিচারপতির ছোট মেয়ে আশা সিনহা রয়েছেন।
এর আগে, গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবরে চিঠি পাঠান প্রধান বিচারপতি, যার মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। ছুটিতে থাকা অবস্থায় প্রধান বিচারপতির ১৩ অক্টোবর বা কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার এবং ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকার ইচ্ছা পোষণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। গত ১০ অক্টোবর বিদেশ যাওয়ার বিষয়ে পাঠানো ওই চিঠির পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে।
