পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ আল-হারিরিকে আটকে রেখে সৌদি আরবই লেবানন ও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ।
শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি দাবি করেন লেবাননকে অস্থিতিশীল করতে সৌদি আরব এসব করছে।
ভাষণে নাসরুল্লাহ বলেন, “বিষয়টা হলো, তাকে (সাদ) আটকে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত লেবাননে ফিরে আসতে দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে সৌদি আরব ও এর কর্মকর্তারা লেবানন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”
গত সপ্তাহে সৌদি আরবের এক মন্ত্রী ‘লেবানন সৌদি আরবের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’ বলে অভিযোগ করেছিলেন। নাসরুল্লাহ বক্তব্যকে তার পাল্টা হিসেবে দেখা হচ্ছে।
সাদকে ‘আটকে রেখে’ সৌদি আরব লেবাননের সব নাগরিককে অপমান করেছে বলেও মন্তব্য করেন এই হিজবুল্লাহ নেতা। সৌদি আরব ইসরায়েলকে লেবাননে হামলায় উৎসাহিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
ইসরায়েলের হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে না দিয়ে তিনি বলেন, তেমনটা হলে ইসরায়েলকেও জন্য এর জন্য চরম মূল্য দিতে হবে।
“যে কোনো ধরনের ভুল পদক্ষেপ কিংবা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টার ব্যাপারে আমি তাদের সতর্ক করছি,” ইসরায়েলের উদ্দেশ্যে বলেন নাসরুল্লাহ।
অন্যান্য ফ্রন্টের মতো লেবাননেও সৌদি আরব পরাজিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার লেবাননের দুই শীর্ষ সরকারি কর্মকর্তা, সাদ ঘনিষ্ঠ এক রাজনীতিক ও অপর একটি সূত্রও সাদকে রিয়াদে আটকে রাখার অভিযোগ করেছিলেন।
শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সৌদি আরবের একদল প্রতিনিধিকে বলেছেন, “সাদকে অবশ্যই লেবাননে ফিরে আসতে হবে।”
সৌদি আরবে থাকা অবস্থায় সাদের পদত্যাগের ঘোষণা ও তার পরবর্তী পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেছেন আউন।
এদিকে শুক্রবার ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও সাদকে আটকে রাখার ইঙ্গিত দেওয়া হয়। এতে বলা হয়, সাদ তার ইচ্ছানুযায়ী চলাফেরা করতে এবং লেবাননে তার ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে ফ্রান্সের আশা।
আগের দিন এক আকস্মিক সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ।
