ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি




দক্ষিণের জেলা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ছয় মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে। অক্টোবরে পণ্যটির আমদানি ছয় মাসের মধ্যে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। মূলত ভারতের বাজারে উৎপাদন ও সরবরাহ সংকটের জের ধরে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানি কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।
ভোমরা স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে এ স্থলবন্দর দিয়ে মোট ২৮ হাজার ৫৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত মে মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩৩ হাজার ২৭৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেই হিসাবে ছয় মাসের ব্যবধানে পণ্যটির আমদানি কমেছে ৪ হাজার ৭১৩ টন।
জুনে ভারত থেকে ২৪ হাজার ৯৮৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, যা মে-অক্টোবর সময়কালের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। পরের মাসে পণ্যটির আমদানি বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৬৩৩ টনে। আগস্টে এ স্থলবন্দর দিয়ে মোট ৩৮ হাজার ৪৫৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে পণ্যটির আমদানি ফের কমে যায়। এ মাসে মোট ১৮ হাজার ২০০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, যা মে-অক্টোবর সময়কালে সর্বনিম্ন। সব মিলে গত ছয় মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১ লাখ ৭৯ হাজার ১০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
স্থানীয় পেঁয়াজ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্স ভারত থেকে প্রতিদিন ১২০-১৪০ টন পেঁয়াজ আমদানি করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অশোক কুমার ঘোষ বলেন, ভারতের বাজারে পেঁয়াজের বাড়তি দামের কারণে দেশীয় আমদানিকারকরা লোকসানের শিকার হচ্ছেন। দু-তিন মাস আগেও প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ১৫-১৬ টাকা খরচ হতো। বর্তমানে এর পরিমাণ বেড়ে কেজিপ্রতি ৪০-৪২ টাকায় দাঁড়িয়েছে। এ
কারণে স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা সম্ভাব্য লোকসানের আশঙ্কায় ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহ হারিয়েছেন। মূলত এ কারণেই ভোমরা স্থলবন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি কমেছে। আমদানি কমার জের ধরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান তিনি। স্থানীয় সুলতানপুর বড় বাজারে গতকাল ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি পর্যায়ে প্রতি কেজি ৪৬ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে খুচরা পর্যায়ে পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৪৮ টাকা। ভারত থেকে পণ্যটির আমদানি কমায় স্থানীয় বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের চাহিদা ও দাম দুটোই বেড়েছে বলে জানান অশোক কুমার ঘোষ। আগামী দিনগুলোয় ভারতে পণ্যটির সরবরাহ বাড়লে পেঁয়াজের আমদানি বেড়ে দেশের বাজারে দাম কমবে বলে মনে করছেন তিনি।