ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ সম্মেলন চলছে। \
সম্মেলনে সু চির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে।
আসিয়ানের ওই অধিবেশনটি ছিল রুদ্ধদ্বার। অধিবেশন শেষ হওয়ার পর সু চির দেওয়া ওই প্রতিশ্রুতির কথা জানান ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জুনিয়র। বৈঠকে সু চি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে ‘উদ্বেগ’ জানান। কূটনৈতিক সূত্রগুলো জানায়, অধিবেশনে রোহিঙ্গাদের বিষয়টি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পক্ষ থেকে উত্থাপন করা হয়।
আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি প্রসঙ্গটি ওঠার পর মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার আনান কমিশনের প্রস্তাব মেনে চলছে।
হ্যারি রক জুনিয়র সাংবাদিকদের বলেন, ‘মানবিক সহায়তাকে অভিনন্দন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের (রোহিঙ্গাদের) প্রত্যাবাসন করা হবে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে।
আজকের অধিবেশনে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদ দমন এবং রাখাইনে শান্তি ফিরিয়ে আনতেই ওই রাজ্যে সেনা অভিযান পরিচালনা করা হয়।
গত ২৪ অগাস্ট রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইনে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালালে পুলিশসহ বেশ কয়েকজন নিহত হওয়ার পরদিন থেকে রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
প্রাণ বাঁচাতে রাখাইনের প্রায় ছয় লাখ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন; রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
