২৪ ঘণ্টার মধ্যে লেকহেড গ্রামার স্কুল খুলে দেওয়ার নির্দেশ




ঢাকার লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা, জঙ্গিবাদে মদদের অভিযোগ এলে সরকারের কার্যক্রমে স্কুল কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। স্কুল বন্ধের বৈধতার প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়াসহ কয়েকটি অভিযোগে ৫ নভেম্বর ঢাকার লেকহেড গ্রামার স্কুল বন্ধে ব্যবস্থা নিতে আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে প্রতিষ্ঠানের ভবন সিলগালা করে দেওয়া হয়।
দেশের নিষিদ্ধ তিনটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঢাকার লেকহেড গ্রামার স্কুলের সাবেক অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুজন শিক্ষক ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের মাতৃসংগঠন জামাআতুল মুসলেমিনের ও দুজন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত। অপর এক শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা আইএস মতাদর্শী নব্য জেএমবির সঙ্গে যুক্ত।
২০০০ সালে ধানমন্ডির ৬ /এ সড়কে স্কুলটির যাত্রা শুরু হয়। ঢাকার রূপনগরে পুলিশের অভিযানে মেজর (অব.) জাহিদুল ইসলাম নিহত হওয়ার পর স্কুলটি আবার আলোচনায় আসে। জাহিদ সেনাবাহিনীর চাকরি ছেড়ে এই স্কুলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।
এর বৈধতা চ্যালেঞ্জ করে স্কুল মালিক ও দুই শিক্ষার্থীর অভিভাবক পৃথক রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমন্ডি শাখা বন্ধের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
আরও পড়ুন; জঙ্গি সম্পৃক্ততা: ঢাকার লেকহেড গ্রামার স্কুল বন্ধ