বাংলাদেশের জয়, ভারতের বিদায়




অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রূপ পর্বের শেষ খেলায় ভারতকে আট উইকেটে হারিয়ে গ্রূপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে গ্রূপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতকে।
এদিন মালয়েশিয়ার কুয়ালামপুরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩২ ওভারে ভারত সংগ্ৰহ করে ৮ উইকেটে ১৮৭ রান। বৃষ্টির কারণে ৩২ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন সালমান খান। এছাড়া অনুজ রাওয়াত ৩৪ ও হার্ভিক দেশাই ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন রবিউল হক। আফিফ হাসান ও নাঈম হাসানের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।
১৮৮ রানের লক্ষ্যে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ও নাঈম শেখ। তাঁদের ৮২ রানের জুটি জয়ের পথ সুগম করে। ৩৮ রান করে নাঈম শেখ আউট হলেও পিনাক তুলে নেন অর্ধশতক।
প্রথম উইকেটের পর নামা অধিনায়ক সাইফ হাসান ১৬ রানে আউট হলেও গত ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়কে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান পিনাক। পিনাক অপরাজিত থাকেন ৮১ রানে এবং তৌহিদ খেলেন ৩২ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস।
প্রথম ম্যাচে নেপালের সাথে ২ উইকেটের জয়, দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে এবং শেষ ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারানোর মধ্য দিয়ে গ্রূপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অন্যদিকে নেপাল ও বাংলাদেশের সাথে পরাজয়ের মধ্য দিয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সফর থামছে এখানেই।