চীনের অর্থনীতির পরিধি দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হওয়ার লড়াইয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে দেশটি। দ্রুতবর্ধনশীল অর্থনীতির কারণে দেশটিতে জ্বালানির চাহিদা দিন দিন বাড়ছে। অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে চীন প্রধানত কয়লার ওপর নির্ভরশীল। তবে কয়লা ব্যবহারের কারণে কয়েক বছর ধরে দেশটিতে পরিবেশদূষণ মাত্রা ছাড়িয়েছে।
এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম শীর্ষ দূষণকারী দেশের তকমা পেয়েছে চীন। এ অবস্থা থেকে উত্তরণে বিদ্যমান জ্বালানি নীতিতে পরিবর্তন আনছে চীন। ২০১৪ সাল নাগাদ কয়লার ব্যবহার কমিয়ে এনে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে ঝুঁকছে বেইজিং। আগামী দিনগুলোয় চীনে জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চীনে কয়লা, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ও নবায়নযোগ্য জ্বালানি— এ পাঁচটি উত্স থেকে অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণ হয়। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে কয়লার। দেশটির মোট জ্বালানি চাহিদার ৬৭ শতাংশ সরবরাহ হয় কয়লা ব্যবহারের মাধ্যমে। পাশাপাশি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দেশটির জ্বালানি চাহিদার বড় একটি উত্স। এরই মধ্যে দেশটিতে কয়লার ব্যবহার কমিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিকল্প ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে ঝুঁকছে চীন সরকার। এর অংশ হিসেবে ২০৪০ সাল নাগাদ চীনে মোট জ্বালানি চাহিদার ৪০ শতাংশ কয়লা থেকে আসবে। এর বিপরীতে ২০৪০ সাল নাগাদ সৌর, জল ও বায়ুশক্তি ব্যবহার করে দেশটির জ্বালানি চাহিদার ৪০ শতাংশ পূরণ হবে। অর্থাত্ এ সময়ের মধ্যে তাদের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে কয়লা ও পরিচ্ছন্ন-নবায়নযোগ্য জ্বালানির অবদান সমান হবে।
একই সঙ্গে জ্বালানিপণ্য হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও দ্রুত বাড়বে। গত বছর দেশটিতে প্রায় ২১ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়েছে। ২০৪০ সাল নাগাদ চীন সরকার জ্বালানি পণ্যটির ব্যবহার ৪০ হাজার কোটি ঘনমিটারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বলে আইইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে চীন নতুন যুগে প্রবেশ করেছে। প্রতিযোগিতা আগের থেকে কয়েক গুণ বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশটির দায়িত্বও বেড়েছে। গত শতকের শেষভাগে দেশটি কয়লা ও জ্বালানি তেলনির্ভর অর্থনীতি ও উন্নয়ন নীতি বাস্তবায়ন করেছে। এর জের ধরে পরিবেশ সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পায়নি। তবে নব্বইয়ের দশক থেকে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন ইস্যুটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে আসে। এসব ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। একই সঙ্গে চীনের মতো অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর জ্বালানি নীতি পরিবর্তনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকে। দ্রুতবর্ধনশীল অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ সুরক্ষা ইস্যুতে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে দেশটি বিদ্যমান জ্বালানি নীতি বদলে ফেলার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ধীরে হলেও কয়লার পরিবর্তে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির পথে ঝুঁকছে দেশটি।
চীনের জ্বালানি নীতি পরিবর্তনের ক্ষেত্রে অগ্রযাত্রায় অভ্যন্তরীণ প্রেক্ষাপটও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে আইইএ। দেশটির প্রায় ২৬ কোটি মানুষ রান্না ও ঘর গরম করার কাজে প্রত্যক্ষভাবে কাঠ, কয়লা কিংবা জৈব জ্বালানি ব্যবহার করে। এছাড়া বিদ্যুত্ উৎপাদন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ ধাতব উৎপাদন খাতে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার হয়। এর ফলে দেশটিতে পরিবেশদূষণের মাত্রা বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোয় শীতকালে রাজধানী বেইজিংসহ কয়েকটি শিল্পপ্রবণ শহরে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। জারি করতে হয়েছে বিশেষ সতর্কতা।
