জিম্বাবুয়েতে অভ্যুত্থান: ‘গৃহবন্দি’ মুগাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা




কয়েক সপ্তাহের উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নেয়।
পরদিন ওই টেলিভিশনেই এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল সিবুসিসো মোয়ো বলেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা ‘অপরাধীদের দলকে’ লক্ষ্য করে অভিযান চালাচ্ছেন তারা।
“এটি সামরিক বাহিনী কর্তৃক সরকারের কর্তৃত্ব গ্রহণ না,” বিবৃতিতে জোর দিয়ে বলেন তিনি।
মুগাবে ও তার পরিবার ‘নিরাপদ আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে’ বলেও জানান মোয়ো। এরপরই মুগাবেকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে খবর আসে।
বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতেও জিম্বাবুয়ের সেনাবাহিনী মুগাবেকে আটকে রেখেছে বলে ইঙ্গিত দেওয়া হয়।
মুগাবেকে জিম্বাবুয়ের ‘প্রেসিডেন্ট’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “আজ ভোরে প্রেসিডেন্ট জুমা প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে কথা বলেছেন। মুগাবে তাকে আটকে রাখার ইঙ্গিত দিয়েছেন, যদিও তিনি সেখানে ভালো আছেন বলেও জানিয়েছেন।“
পরে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) মুগাবে ও সেনাবাহিনীর মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেয়।
এক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানায়, সেনাবাহিনী মুগাবেকে পদত্যাগের চাপ দিলেও তাতে রাজি হচ্ছেন না তিনি। নিজেকে এখনো জিম্বাবুয়ের বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন তিনি।
মুগাবের পরিচিত এক পাদ্রী ফিদেলিস মুকুনোরি সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছেন বলেও সূত্রটি জানিয়েছে।
যুক্তরাজ্যে ক্যান্সারের চিকিৎসা নেওয়া জিম্বাবুয়ের প্রধান বিরোধীদলের নেতা মরগান স্ট্যানগেরাই হারারেতে ফিরে এসেছেন বলে বিবিসি জানিয়েছে। দেশে ফিরেই তিনি মুগাবের পদত্যাগ দাবি করেছেন।
কোনো কোনো প্রতিবেদনে মুগাবের স্ত্রী গ্রেস নামিবিয়া পালিয়ে গেছেন বলে জানানো হলেও নামিবিয়া তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার হারারের প্রধান প্রধান সড়কে সামরিক যান চলাচল করতে দেখা গেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন ও বেতারে নিয়মিত অনুষ্ঠান প্রচার শুরু হয়েছে।
আফ্রিকান ইউনিয়ন (এইউ) এক বিবৃতিতে জিম্বাবুয়ের সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে এইউ’র প্রেসিডেন্ট আলফা কোন্ড বলেছেন, সামরিক বাহিনীর কর্তৃত্ব গ্রহণ ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে আটক করার বিষয়টি দেখে একে ‘ক্যু বলেই মনে হচ্ছে’।