পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম




ভোগ্যপণ্যের বাজারে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্যটির দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মজুদ শেষের দিকে থাকায় বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ প্রায় বন্ধ। এ কারণে দাম বাড়ছে। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত বাজারে এ অবস্থা বিরাজ করতে পারে।
খাতুনগঞ্জে আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে ভারত থেকে আমদানিকৃত তিন ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে পাইকারি পর্যায়ে প্রতি কেজি নতুন মৌসুমের ভারতীয় নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। এক সপ্তাহ আগে এটি সর্বোচ্চ ৪৫ টাকায় বিক্রি হয়েছিল। তবে আগের মৌসুমের নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২-৪৪ টাকায়।
গত সপ্তাহে মানভেদে গুজরাটি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৩-৪৪ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়ে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। একইভাবে বেড়েছে হুগলি জাতের পেঁয়াজের দাম। গতকাল বাজারে প্রতি কেজি হুগলি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৬-৪৮ টাকায়। গত সপ্তাহে এ পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৩-৪৪ টাকায়।
 
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বলেন, দেশী পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। তাই পেঁয়াজের বাজার এখন পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল। এক-দেড় মাস ধরে ভারতের বাজারেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এসব কারণে দেশে পণ্যটির দাম বাড়ছে।
তিনি বলেন, ভারতে মৌসুমভেদে বিভিন্ন রাজ্যে পেঁয়াজ উৎপাদন হয়। এত দিন বাজারে নাসিক ও সাউথ জাতের পেঁয়াজ ছিল। বর্তমানে নতুন মৌসুমের নাসিক, হুগলি ও গুজরাটি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে পেঁয়াজ আমদানি কমেছে। আগে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৫০-৬০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ২৫-৩০ ট্রাকে। তবে পাইকারির তুলনায় খুচরায় দাম তুলনামূলক বেশি বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকানে খুচরা পর্যায়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। এক সপ্তাহে আগে পণ্যটি সর্বোচ্চ ৫৫-৫৬ টাকায় বিক্রি হয়েছিল। এ হিসাবে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে।