‘মিস ওয়ার্ল্ড’ হলেন ভারতের মানুষী




বিশ্বের ১২০টি দেশের সুন্দরীদের মধ্য থেকে এ বছরের সেরা সুন্দরী তথা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন ভারতের তরুণী মানুষী চিল্লার। মেক্সিকোর আন্দ্রে মেজা প্রথম রানারআপ হন আর দ্বিতীয় রানারআপ হন ইংল্যান্ডের স্টিফেনি হিল।
আজ শনিবার সন্ধ্যায় চীনের সানাইয়া শহরে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করেছে বেইজিং রাইজ। উপস্থাপনা করেছেন ২০১৩ সালের মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং।
২১ বছর বয়সী মানুষী হরিয়ানার মেয়ে। পড়ছেন এ রাজ্যেরই ভগত ফুল সিং সরকারি নারী মেডিকেল কলেজে।
শেষ পাঁচ প্রতিযোগীর একজন হিসেবে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে মানুষীকে জিজ্ঞেস করা হয়, তিনি কোন পেশাকে সর্বোচ্চ বেতনের দাবিদার মনে করেন এবং কেন? উত্তরে এই চটপটে ও বুদ্ধিমতী তরুণী বলেন, ‘কোনো ব্যক্তির বেতন প্রশ্নের বিষয় হতে পারে না। আর পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধাভাজন মায়েরাই অমূল্য।’
মাকে নিয়ে বেশ আবেগঘন কথাও বলেন ভারতের এ সুন্দরী। বলেন, ‘মা হলেন সবচেয়ে বড় শ্রদ্ধাভাজন। আমি মনে করি না নগদই সবকিছু, বরং শ্রদ্ধা ও ভালোবাসা, যেটা তিনি দিয়ে থাকেন তার সন্তানকে। মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মায়েদেরই সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো উচিত।’
উল্লেখ্য, মানুষী এই খেতাব জেতা ষষ্ঠ ভারতীয়। এশিয়ার মধ্যে ভারতই প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে নিয়েছিল। সেটা ১৯৬৬ সাল। সে বার ডাক্তারির ছাত্রী রীতা ফারিয়া ভারত তো বটেই, এশিয়ার ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। রীতার পর দীর্ঘ কয়েক দশক ভারত থেকে কেউ ওই খেতাব জেতেননি। শেষে খরা কাটে ১৯৯৪তে। সে বার বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বর্যা রাই। তার পর ১৯৯৭তে ডায়না হেডেন, ’৯৯তে যুক্তামুখী এবং ২০০০ সালে প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের শিরোপা পেয়েছেন। তার পর আবারও দেড় দশকের অপেক্ষা। অবশেষে মানুষীর হাত ধরেই সেরা সুন্দরীর শিরোপা পেল ভারত।