ইস্পাতে শুল্কারোপ: ট্রাম্পের বিরোধিতায় মার্কিন ব্যবসায়ীরা




ইস্পাত আমদানির ওপর শুল্কারোপে আগ্রহী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই তার এ আগ্রহ নিয়ে মতভেদ রয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্ভাব্য সিদ্ধান্তের আগেই মার্কিন ম্যানুফ্যাকচারার, জ্বালানি কোম্পানি ও সস্তা ইস্পাতের ওপর নির্ভরশীল খুচরা বিক্রেতারা ট্রাম্পের শুল্কারোপের বিরুদ্ধে নিঃশব্দে তদবির শুরু করেছেন।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে দেশীয় শিল্পকে বাঁচানোর অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প। সে প্রতিশ্রুতি পূরণে চলতি বছরের এপ্রিলে ইস্পাত শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের ট্রেড এক্সপানশন অ্যাক্ট ১৯৬২-এর ‘ধারা ২৩২’ পর্যালোচনার উদ্যোগ নেন তিনি। এ ধারার আওতায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে আমদানির ওপর শুল্কারোপ বা কোটাভুক্ত করার অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে মাত্র দুবার এ প্রবিধানটি আমদানি পর্যালোচনার জন্য ব্যবহার করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নিয়ে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করতে পারে। প্রশাসনের অভ্যন্তরীণ বিতর্কের কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে বলে তিনজন লবিস্ট জানিয়েছেন।
ইউএস স্টিল করপোরেশন ও এ.কে. স্টিলের মতো মার্কিন ইস্পাত উত্পাদকরা সংরক্ষণবাদী শুল্ক থেকে লাভবান হবে। এর ফলে তারা তাদের পণ্যের দাম বাড়ানোর সুযোগ পাবে। কিন্তু খরচ কম রাখতে ইস্পাত ব্যবহারকারী মার্কিন ম্যানুফ্যাকচারার ও জ্বালানি কোম্পানিগুলোর মতে, শুল্কারোপ করা হলে তা এসব শিল্পের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
চলতি বছরের শুরুতে ইউএস স্টিল জানায়, সস্তা ইস্পাত আমদানি কমলে ১০ হাজার মার্কিন ইস্পাত শ্রমিকের কাজ পুনরুদ্ধার করা যাবে। ২০১৫ সালে মার্কিন ইস্পাত উত্পাদকরা ১ লাখ ৪৭ হাজার শ্রমিককে নিয়োগ দেয়। এর বিপরীতে ম্যানুফ্যাকচারাররা প্রতি বছর ৬৫ লাখ ইস্পাত শ্রমিক নিয়োগ দেয়। এছাড়া নির্মাণ শিল্পে আরো ৬৩ লাখ কর্মসংস্থানে সহায়তা করে। এর আগে ২০০২ সালে ইস্পাতে শুল্কারোপের কারণে মার্কিন ম্যানুফ্যাকচারিং খাত ২ লাখ শ্রমিক হারায় বলে মুক্ত বাণিজ্য-বিষয়ক লবি গ্রুপ কনজিউমিং ইন্ডাস্ট্রিজ ট্রেড অ্যাকশন কোয়ালিশনের (সিআইটিএসি) এক গবেষণায় উঠে এসেছে। তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সে সময় ইস্পাতের ওপর শুল্কারোপ করেন।
এর বাইরে ব্যবসার নানা প্রয়োজনে খুচরা ব্যবসায়ীদের সস্তা ইস্পাতের প্রয়োজন পড়ে। অন্যদিকে যেকোনো মার্কিন শুল্কারোপ ইস্পাতবহির্ভূত শিল্পকেও ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে যদি অন্যান্য দেশ পাল্টা জবাব হিসেবে কৃষির মতো মার্কিন রফতানির ওপর শুল্কারোপ করে। ম্যানুফ্যাকচারদের যুক্তিমতে, ইস্পাত আমদানির ওপর শুল্কারোপ করা হলে শেষ পর্যন্ত এর দ্বারা আমেরিকার জনগণই ক্ষতিগ্রস্ত হবে, যারা প্রতিদিন ইস্পাতের তৈরি পণ্য কিনে থাকেন।