ভারতের বিভিন্ন রাজ্যের কিছু মহল ‘পদ্মাবতী’ ছবির বিপক্ষে অবস্থান নিয়েছে। এবার এই বিপক্ষ অবস্থান ও ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় লীলা বানসালির মাথা কেটে নেওয়ার জন্য পাঁচ কোটি রুপি করে মোট ১০ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সনাতন ধর্ম অবমাননা, রাজপুত নারী আর রানি পদ্মিনীর সম্মানহানির অভিযোগ এনে তারা পরিচালক সঞ্জয় লীলা বানসালির এই ছবির বিরোধিতা করছে। ছবিটিতে অভিনয় করায় গত বৃহস্পতিবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ রোববার হরিয়ানা বিজেপির নেতা সুরজ পাল আমু অভিনেত্রী দীপিকা ও পরিচালক বানসালির মাথা কেটে দিতে পারলে তাঁর জন্য ১০ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, দীপিকা ও বানসালির মাথার জন্য ১০ কোটি রুপি পুরস্কার ঘোষণার পাশাপাশি ছবিটিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর সিংয়ের পা ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুরজ পাল।
‘পদ্মাবতী’ ছবি নির্মাণের ব্যয় প্রসঙ্গে সুরজ পাল আমু বলেন, ‘সঞ্জয় লীলা বানসালির তো তিন কোটি রুপিও নেই। তাহলে ছবি নির্মাণে ৩০০ কোটি রুপি পেলেন কোথায়?’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মোদিজি, এ ব্যাপারে আপনাকে কিছু বলতে হবে।’
‘পদ্মাবতী’ ছবির বিপক্ষে অবস্থান নেওয়া রাজস্থানের করনি সেনা ও উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ সবচেয়ে বেশি সক্রিয়। গত বৃহস্পতিবার ‘পদ্মাবতী’ ছবি মুক্তি পেলে দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছিল রাজপুতের করনি সেনারা। ছবিটির শুটিংয়ের সময় সেট ভেঙে ফেলা হয়েছিল। লাঞ্ছিত হয়েছিলেন পরিচালক। আর এখন ‘পদ্মাবতী’ ছবিকে ঘিরে পোস্টার পোড়ানো ও সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে। রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির অন্তরঙ্গ সম্পর্ক দেখানো হয়েছে; যা মুক্তি পেলে ওই অঞ্চলের মানুষের ভাবাবেগে আঘাত লাগবে।
সব হুমকি আর বাধা উপেক্ষা করে আগামী ১ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বানসালি ও তাঁর টিম। কিন্তু এবার অসম্পূর্ণ পেপারওয়ার্কের অভিযোগে ছবিটি আটকে দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। কাজেই ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’।
আজ এক লিখিত বিবৃতিতে ‘পদ্মাবতী’র প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন মোশন পিকচারস ও সঞ্জয় লীলা বানসালি ছবির মুক্তি স্থগিত করার খবর জানান। এই ছবিতে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর, রণবীর সিং, অদিতি রাও হায়দারি প্রমুখ।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
