জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার




মঙ্গলবার সকাল থেকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, “ফরহাদ মজহার জানিয়েছেন, সোমবার ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাসা থেকে বের হলে কয়েকজন একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।
“এরপর উনি নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, ৩৫ লাখ টাকা দিলে উনাকে ছেড়ে দেওয়া হবে। আমরা এখন জানার চেষ্টা করছি কারা উনাকে নিয়ে গিয়েছিল।”
সংবাদ সম্মেলনের পর বেলা আড়াইটার দিকে ফরহাদ মজহারকে আদালতে নিয়ে যাওয়া হয়।
সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হবে জানিয়ে আবদুল বাতেন বলেন, তার জবানবন্দির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রিং রোডের ভোর ৫টায় বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ফরহাদ মজহার নিখোঁজ বলে তার স্বজনরা আদাবর থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ অনুসন্ধানে নামে।
মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান জানার পর রাত সাড়ে ১১টার দিকে যশোরের নওয়াপাড়ায় ঢাকাগামী একটি বাসে তাকে পাওয়ার কথা জানায় র‌্যাব।
উদ্ধারের পর প্রথমে খুলনায় নিয়ে ঢাকার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর মঙ্গলবার সকালে তাকে নিয়ে আসা হয় ঢাকার আদাবর থানায়।