বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক চিঠিতে ৯৩ বছর বয়সী নেতা বলেছেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ঘোষণা এমন সময় আসলো যখন পার্লামেন্টে তার অভিশংসনের বিষয়ে আলোচনা চলছে।
গত সপ্তাহে সামরিক বাহিনী ক্ষমতা দখল ও পরবর্তীতে তার পদত্যাগের দাবিতে গনবিক্ষোভের মধ্যেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। জিম্বাবুয়ের স্বাধীনতার নেতা মুগাবে ১৯৮০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিরানব্বই বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং মানাঙ্গাগওয়া। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ নেন মুগাবে এবং মানাঙ্গাগওয়াকে চাকরিচ্যুত করেন।
আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ওপর পদত্যাগের ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়ছেন না বলে জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে জানান।
