হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী




দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি বছরের অক্টোবর মাসজুড়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছিল। এর জের ধরে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যায়। চলতি মাসের শুরুর দিকে পণ্যটির আমদানি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। কমতে শুরু করে দাম। তবে ১০ দিনের ব্যবধানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ফের বেড়েছে।
গতকাল পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ১১ টাকা বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে নতুন করে আমদানি কমাকে চিহ্নিত করেছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, ভারতের বাজারে নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় সামান্য। এ কারণে আমদানি করা মসলাপণ্যটির দেশের বাজারে দাম বেড়েছে।
গতকাল স্থানীয় বাজার ঘুরে ভারতের ইন্দোর থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) প্রতি কেজি ৪৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। একই সঙ্গে পাটনা থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় কেজিপ্রতি ৫২ টাকায়। ১০ দিন আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৩৭-৪২ টাকা। সেই হিসাবে ১০ দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ১১ টাকা বেড়েছে। অন্যদিকে স্থানীয় খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়।
হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, হিলি স্থলবন্দর দিয়ে সাধারণ সময়ে ভারত থেকে প্রতি দিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। অক্টোবরে পণ্যটির আমদানি দৈনিক ১৪-২০ ট্রাকে নেমে আসে। মূলত বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়া ও মৌসুমের শেষ সময়ে এসে ভারতের বাজারে পণ্যটির সরবরাহ কমে যাওয়ায় সে সময় পেঁয়াজ আমদানি কমেছিল। পরবর্তীতে ভারতে নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হলে চলতি মাসের শুরুর দিকে পণ্যটির আমদানি বেড়ে দৈনিক ৩০-৩৫ ট্রাকে ওঠে।
এখন নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ আশানুরূপ না হওয়ায় পণ্যটির আমদানি ফের ১৫-২০ ট্রাকে নেমে এসেছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৮ নভেম্বর ভারত থেকে ২৫টি ট্রাকে ৫০০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। পরের দিন ৩১টি ট্রাকে ৬২০ টন ও ২০ নভেম্বর ১৪টি ট্রাকে ২৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসের প্রথম ২০ দিনে (১-২০ নভেম্বর) এ স্থলবন্দর দিয়ে ৫০৩টি ট্রাকে মোট ১০ হাজার ৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত মাসে মোট ১১ হাজার ২৫২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
স্থানীয় ব্যবসায়ী ও হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানান, ভারতের বাজারে নতুন খরিফ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হলে পণ্যটির আমদানি বেড়ে যায়। এ সময় দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কমেছিল। তবে নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ আশানুরূপ হয়নি। মূলত বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম হয়েছে। পাশাপাশি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় নির্ধারিত সময়ের আগে পেঁয়াজ সংগ্রহ করায় উৎপাদিত পণ্যের মান তুলনামূলক কমে গেছে। সরবরাহ সংকটের জের ধরে ভারতের বাজারেই পণ্যটি বাড়তি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ সংকট বিদ্যমান থাকার সুযোগে দেশটির রফতানিকারকরা পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দিয়েছেন। ফলে ভারত থেকে একদিকে পণ্যটির আমদানি ফের কমেছে, অন্যদিকে দেশটি থেকে আগের তুলনায় বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে দেশীয় আমদানিকারকদের। এর প্রভাব পড়েছে পেঁয়াজের দামে।
একই সঙ্গে বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ প্রায় নেই বললেই চলে। দেশে উৎপাদিত পেঁয়াজ যতটুকু সরবরাহ হয়েছিল, তা এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সব মিলে তীব্র সরবরাহ সংকটে ভুগছে দেশের পেঁয়াজের বাজার।