ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক নিম্নমুখি। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬ হাজার ২৮৯ দশমিক ৩৩ পয়েন্টে উন্নীত হয়। ১ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৯০ শতাংশ বেড়ে ২ হাজার ২৭০ দশমিক ৬৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৫ কোটি ১৭ লাখ ৮৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসই ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮২ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়। তবে ৩৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৫১৭ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৫৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।