বিপিএল: আইকনরা নতুন দলে




বেশ ভালোভাবেই গড়াচ্ছে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজিদের দল গোছানো। তবে অনেক ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোঝাপড়াটা ভাল যাচ্ছে না আইকন খেলোয়াড়দের। তাই উঠেছে দলবদলের প্রশ্ন।
গত কয়েকদিন ধরে মুশফিক-বরিশাল বুলস ইস্যুতে দেশীয় মিডিয়া সরগরম। অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় ‘ডবল বি’তে আর থাকা হচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
এদিকে কিছুদিন আগে রাজশাহী কিংস মুশফিককে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় তারা তাদের আইকন ক্রিকেটার সাব্বির রহমানকে ছেড়ে দিবে বলেও জানায় দলটি।
ধারণা করা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে আর দেখা যাবে না বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মাশরাফিকে। গতবছর দলের কর্মকর্তাদের সাথে অমত, টিম হোটেল ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে সমস্যা নিয়ে মিটমাট হয়ে যাওয়ায় দলকে নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন। তাই এবারের আসরে মাশরাফির পরিবর্তে তামিম ইকবালকেই পছন্দ দলটির। তবে চিটাগং ভাইকিংস তামিমকে ছাড়বে কিনা তা এখনো জানা যায় নি।
এদিকে রংপুর রাইডার্স তাদের আইকন প্লেয়ার সৌম্য সরকারকে আর রাখবে না। গত আসরে তেমনভাবে আলো ছড়াতে পারেননি এই ওপেনার। এমনকি জাতীয় দলের হয়েও ব্যর্থ তিনি। তাই তার জায়গায় মাশরাফিকে নিতে চায় রংপুর রাইডার্স। নতুন মালিকের অধীনে নতুনভাবে দল সাজাতে চায় ‘ডবল আর’রা।
ঢাকা ডায়নামাইটস তাদের আইকন হিসেবে সাকিব আল হাসানকে রেখে দিবে বলেই জানা গেছে। অপরদিকে খুলনা টাইটান্স আস্থা রাখছে মাহমুদুল্লাহ রিয়াদের উপরই। ঘটা করে কোচ ও তাদের অধিনায়কের সাথে পরিচয় করিয়ে দিয়েছে দলটি। তবে এখনো সিলেট রয়্যালসের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।
সুতরাং কে কোন দলে যাচ্ছে তা জানতে হলে প্লেয়ার ড্রাফট পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আগামী (আগস্ট) মাসে প্লেয়ার ড্রাফট হওয়ার কথা রয়েছে।