নারায়ণগঞ্জের টানবাজারে ১০ কাউন্টের সুতার দাম আরেক দফা বেড়েছে। তবে কমেছে ২০ কাউন্টের সুতার দাম। এছাড়া ২৪, ২৬, ২৮, ৩০ ও ৮০ কাউন্টের সুতার দাম বাড়লেও অন্যান্য সুতার দাম পড়তির দিকে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় মোটা সুতার সরবরাহ কম। এ কারণে কিছু সুতার দাম বাড়ছে।
টানবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি পাউন্ড ১০ কাউন্টের সুতা প্রকারভেদে ৫২ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে এসব সুতা বেচাকেনা হয়েছিল ৫০ থেকে ৬২ টাকায়। এ হিসাবে ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ৩ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি পাউন্ড ২০ কাউন্টের সুতা প্রকারভেদে ৬৮ থেকে ৮৩ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে এসব সুতা ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছিল। এ হিসাবে ২০ কাউন্টের সুতার দাম কমেছে পাউন্ডে প্রায় ২ টাকা।
বর্তমানে ২৪, ২৬ ও ২৮ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ২২২ থেকে ২৩০ টাকায়। এক সপ্তাহ আগে এসব সুতা বেচাকেনা হয়েছে ২২০ থেকে ২২৬ টাকায়। এ হিসাবে এসব সুতার দাম বেড়েছে প্রায় ৪ টাকা। বাজারে ৩০ কাউন্টের দেশী সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ১১২ থেকে ১২২ টাকায়। একই কাউন্টের সুতা ২০ দিন আগে বেচাকেনা হয়েছিল ১১০ থেকে ১২০ টাকায়। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম পাউন্ডে বেড়েছে ২ টাকা। এখন ৪০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ১৩০ থেকে ১৪২ টাকায়।
২০ দিন ধরে এ সুতার দামে কোনো পরিবর্তন ঘটেনি। বাজারে ৫০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে পাউন্ডপ্রতি ১৩৬ থেকে ১৪৮ টাকায়। ১০ দিন আগেও এ সুতা বেচাকেনা হয়েছিল ১৩৮ টাকা ১৫০ টাকায়। এ হিসাবে এ সুতার দাম পাউন্ডে ২ টাকা কমেছে। বর্তমানে প্রতি পাউন্ড ৬০ কাউন্টের সুতা প্রকারভেদে ১৪৬ থেকে ১৬২ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে একই কাউন্টের সুতা বেচাকেনা হয় ১৪৮ থেকে ১৬৪ টাকায়। এ হিসাবে ৬০ কাউন্টের সুতার দাম ২ টাকা কমেছে। দেশে তৈরি ৮০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ২০৫ থেকে ২২৫ টাকায়। একই কাউন্টের সুতা ১৬ দিন আগে বেচাকেনা হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়।
নারায়ণগঞ্জের সুতা ব্যবসায়ী উত্তম সাহা জানান, বাজারে চাহিদার তুলনায় ১০ কাউন্টের সুতার সরবরাহ কম। তাই এর দাম বাড়ছে। তিনি বলেন, শীতের সময় মোটা কাপড়ের চাহিদা বেশি থাকে। তাঁতিরা মোটা কাপড় তৈরি করছেন। কিন্তু স্পিনিং মিল থেকে এই কাউন্টের সুতার সরবরাহ কম।
মুন্না ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহ জালাল খোকন জানান, স্পিনিং মিল থেকে ১০ কাউন্টের সুতার সরবরাহ কম। এ কারণে এ ধরনের সুতার দাম বাড়ছে। মিল থেকে সরবরাহ বেড়ে গেলেই দাম কমে আসবে।
নারায়ণগঞ্জ ইয়ার্নমার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নেছার উদ্দিন কামাল বলেন, এক মাস ধরে সুতার বেচাকেনা কম। বাজারে মোটা ১০ কাউন্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির ২৪, ২৬ ও ৩০ কাউন্টের সুতার দাম কিছুটা বেশি। এসব কাউন্টের সুতা রফতানিযোগ্য পোশাকে ব্যবহার হয়। বর্তমানে গার্মেন্টগুলোয় সুতার চাহিদা বাড়ায় এই কাউন্টের সুতার দামও কিছুটা বাড়তির দিকে আছে।
