মিশরে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫




মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে একটি মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তারা হামলায় আরও শতাধিক মানুষ আহত হওয়ার খবর দিয়েছেন।
শুক্রবারের জামাতের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা মিশরের গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
জঙ্গিরা চারটি পথযানে করে এসে মুসল্লিদের ওপর গুলি চালায়। মসজিদে নামাজ পড়তে যাওয়া নিরাপত্তা বাহিনীর সমর্থকরা হামলার লক্ষ্য ছিল বলে ধারণা প্রকাশ করা হয়েছে একটি খবরে। হামলা কে বা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘাতময় ওই অঞ্চলে এটা অন্যতম ভয়াবহ হামলা। কেউ ঘটনার দায় স্বীকার করেনি। ওই অঞ্চলে ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, এল আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল রাওদাহ মসজিদে মরদেহ কম্বল দিয়ে ঢাকা। রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এমইএনএর খবরে বলা হয়েছে, ২৩৫ জন নিহত হয়েছে ও ১৩০ জন আহত হয়েছে।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুফি অনুসারীরা প্রায়ই ওই মসজিদে জমায়েত হতেন। আইএসসহ জিহাদি সংগঠনগুলো সুফি অনুসারীদের কাফের বলে বিবেচনা করে থাকে।
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘হামলার পর আতঙ্কে মসজিদ ছেড়ে পালিয়ে যাওয়া লোকদের তারা গুলি করছিল। ঘটনাস্থলের কাছে থাকা অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও তারা গুলি ছোড়ে।’
মিসরের নিরাপত্তা বাহিনী সিনাইয়ের উত্তরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখানে জঙ্গিরা পুলিশ ও সেনাবাহিনীর কয়েক শ সদস্যকে হত্যা করে। গত তিন বছরে দুই পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। সেখানে জঙ্গিদের বেশির ভাগ হামলার লক্ষ্যবস্তুই হলো নিরাপত্তা বাহিনী। তবে তারা মিসরের খ্রিষ্টান গির্জা ও তীর্থযাত্রীদের ওপর আক্রমণের মাধ্যমে হামলার পরিধিকে উপদ্বীপের বাইরেও প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন;
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৫০    
আফগানিস্তানে তালেবান হামলা, ২২ পুলিশ নিহত     
মোগাদিসুতে জোড়া বোমা হামলায় নিহত ১৭    
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮